দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: সেবার মানোন্নয়নের প্রত্যয়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদের পুরাতন ভবনের দ্বিতীয় তলায় মাননীয় সংসদ সদস্য লুৎফর রহমান মতিন-এর কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যালয়ের উদ্বোধন করেন সংসদ সদস্য লুৎফর রহমান মতিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী, সংসদ সদস্যের দুই পুত্র, উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য লুৎফর রহমান মতিন বলেন, “জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে কালিহাতীর প্রতিটি মানুষের পাশে থেকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সেবা প্রদান করাই আমার অঙ্গীকার। এই কার্যালয় জনগণের জন্য সর্বদা উন্মুক্ত থাকবে। যে কোনো সমস্যা, অভিযোগ বা পরামর্শ নিয়ে সাধারণ মানুষ এখানে আসতে পারবেন এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, কালিহাতীকে মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে আমি ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করছি।
মাদক ব্যবসায়ী, মাদক কারবারি কিংবা মাদকসেবীদের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করছি।”
এ সময় তিনি উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের দোরগোড়ায় সরকারি ও জনপ্রতিনিধির সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উপস্থিত নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা নবউদ্বোধিত কার্যালয়ের সফল কার্যক্রম কামনা করেন এবং এর মাধ্যমে কালিহাতীর জনগণ আরও সহজে সংসদ সদস্যের সেবা ও সহযোগিতা পাবেন বলে আশা প্রকাশ করেন।