গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মহানগর ১১ দলীয় ঐক্যের সেমিনার

দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আহত সাংবাদিকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শনিবার (২৫ জুলাই) বিকালে নগরীর সিনামন রেস্টুরেন্টে ১১ দলীয় ঐক্য, নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।

জুলাই শহীদদের স্মরণ করে এ সময় তিনি বলেন, আবু সাঈদের মৃত্যুর পর জুলাই আন্দোলন নতুন গতি লাভ করে। তিনি মুক্তিযোদ্ধাদের পাশাপাশি জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান এবং দ্রুত জুলাই জাদুঘর উদ্বোধনের দাবি জানান।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন কিংবা চিরতরে দৃষ্টিশক্তি হারিয়েছেন, তাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। তিনি অভিযোগ করেন, যাত্রাবাড়ী ও আশুলিয়াসহ বিভিন্ন স্থানে আন্দোলনের সময় নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। বিদেশে চিকিৎসাধীন আহত আন্দোলনকারীদের দুরবস্থার কথাও তুলে ধরেন তিনি। সাইফুল আলম খান মিলন আরও বলেন, “১৯৭১ আমাদের স্বাধীনতা দিয়েছে, আর জুলাই আমাদের অধিকার দিয়েছে।

তিনি জুলাই সনদ বাস্তবায়নের কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি আরও বলেন, এ আন্দোলনের সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা করা হবে না। তরুণ সমাজ পুরোনো ধারার রাজনীতি চায় না বলেও তিনি মন্তব্য করেন।

প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ। তিনি বলেন, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জকে অনিরাপদ করে রাখা হয়েছে। সম্প্রতি জুলাই স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়নে সরকারকে উদ্যোগ নিতে হবে এবং এ দাবিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। প্রবন্ধ উপস্থাপন করেন নারায়ণগঞ্জ জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জাহাঙ্গীর দেওয়ান।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আমির মাওলানা আবদুল জব্বার বলেন, জনগণের গণরায় অস্বীকার করা হলে তা জনগণ মেনে নেবে না। তিনি অভিযোগ করেন, আন্দোলনের সময় অনুপস্থিত অনেকেই এখন রাজনৈতিক সুবিধা নিচ্ছেন। একই সঙ্গে তিনি সরকারপ্রধানের প্রতি গণরায় বাস্তবায়নে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক মো. শওকত আলী।

তিনি বলেন, সংবিধানের কাঠামোগত সংস্কার প্রয়োজন এবং আগামী ১৮০ দিনের মধ্যে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান। অন্যথায় আন্দোলনের কর্মসূচি দেওয়ারও ঘোষণা দেন তিনি।

সেমিনারে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি খন্দকার আনোয়ার হোসেন, বাংলাদেশ লেবার পার্টি নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মো. আব্দুর রহমান খোকন, ছাত্রনেতা জহিরুল ইসলাম, এনডিএফ সভাপতি ডা. আলী আশরাফ খান, এনসিপি মহানগরের সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম, ওলামা মাশায়েখ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা সাইফুদ্দিন মনির, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের, মহানগর জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুল মোমিন, মহানগর শিবির সভাপতি অমিত হাসান, মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য জাকির হোসাইন, পরিবেশ আন্দোলনের নেতা ও সাংবাদিক মাহাবুবুর রহমান মাসুম এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এবং সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন।

সেমিনারের শেষে জুলাই গণঅভ্যুত্থানে আহত সাংবাদিকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্তরা হলেন, দৈনিক যুগান্তরের আল আমিন প্রধান, দৈনিক নয়া দিগন্তের ফটো সাংবাদিক মনিরুল ইসলাম সবুজ এবং এনএএন টেলিভিশনের মো. শাহজাহান চৌধুরী মাসুম ও মোবাশ্বের শ্রাবণ শাওন।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *