কালিহাতীর কুচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করলেন ইউএনও ফারজানা আক্তার

দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানে উৎসাহিত করতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কুচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন কালিহাতীর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার।
সোমবার (২ নভেম্বর) পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সার্বিক পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি, শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রম এবং শিক্ষার মান পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে কুশল বিনিময় করেন এবং পাঠদান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে ইউএনও ফারজানা আক্তার শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়াশোনা, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, শৃঙ্খলাবোধ ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষকদের উদ্দেশে শিক্ষার্থীবান্ধব ও আনন্দময় পাঠদান পদ্ধতি অনুসরণ, পাঠের প্রতি শিশুদের আগ্রহ সৃষ্টি এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে আরও আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
এ সময় তাঁর আন্তরিকতা ও শিক্ষার্থীদের প্রতি স্নেহপূর্ণ আচরণ উপস্থিত সবার মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে। বিশেষ করে পঞ্চম শ্রেণির সকল শিক্ষার্থীর হাতে তিনি উপহার হিসেবে কলম তুলে দেন।

তাঁর এই ব্যতিক্রমী উদ্যোগ কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।
একজন শিক্ষাবান্ধব উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ফারজানা আক্তারের এ ধরনের আকস্মিক বিদ্যালয় পরিদর্শন, শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং শিক্ষার মানোন্নয়নে দিকনির্দেশনা প্রদান কালিহাতী উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সচেতন মহল মনে করছেন।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *