শামছুদ্দিন শেখ কে হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন ওসি প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি

দৈনিক তালাশ ডটকমঃস্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও ত্যাগী-নির্যাতিত নেতা শামছুদ্দিন শেখকে একটি হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩শে জুলাই) সকাল ১১টায় চাষাঢ়া নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে ঐক্যবদ্ধ ৮নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং এলাকার সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শামছুদ্দিন শেখকে যে মিথ্যা হত্যা মামলায় আসামি করা হয়েছে, সেই ঘটনার সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। বরং নিহতদের সঙ্গে সংশ্লিষ্টদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শামছুদ্দিন শেখ দীর্ঘদিন ধরে অন্যায়, দুর্নীতি, লুটপাট ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সোচ্চার থাকায় একটি কুচক্রী মহল তাকে রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে এ মিথ্যা মামলায় জড়িয়েছে।

তাদের দাবি, যথাযথ তদন্ত ছাড়াই তাকে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। অথচ ওসি পূর্বে আশ্বাস দিয়েছিলেন, কোনো নির্দোষ ব্যক্তিকে মামলায় জড়ানো হবে না। তাহলে কার নির্দেশে একজন পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্বকে এ মামলায় জড়ানো হয়েছে—এ প্রশ্ন তোলেন বক্তারা।

বক্তারা আরও বলেন, শামছুদ্দিন শেখ গত ১৭ বছর ধরে বিএনপির আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে এসেছেন। তিনি সবসময় অন্যায়, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকা রেখেছেন। তার এই অবস্থানের কারণেই তাকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হচ্ছে। আমরা সম্প্রতি সৈয়দপাড়ায় সংঘটিত হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও নির্ভুল তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার আহ্বান জানাই।

সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহম্মেদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং জিয়া শিশু কিশোর সংগঠন সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি গাজী সেলিমের সঞ্চালনায় এসময় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, নাসিক ৮নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আওলাদ হোসেন, রুবেল মাদবর, সহ সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, ছাত্রদল নেতা তুষার খান ও নারী নেত্রী মোসাৎ নাসিমা সহ বিভিন্ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *