হবিগঞ্জে হামলার ঘটনায় নারায়ণগঞ্জ মহানগর এনসিপির বিক্ষোভ

দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: হবিগঞ্জে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত না হলে আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর এনসিপির নেতৃবৃন্দরা।

বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে হামলার প্রতিবাদে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এ কথা বলেন। সমাবেশে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

এসময় সমাবেশে বক্তারা বলেন, হামলার ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়বে। এই আগুন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়লে আপনারা ছারখার হয়ে যাবেন। প্রশাসনকে আবারও দলীয় এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করা হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে মানুষ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, সরকার তা বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে প্রতারণা করছে।

বক্তারা আরও বলেন, বিরোধী কর্মসূচি ঠেকাতে আগের মতোই ১৪৪ ধারা জারি করা হচ্ছে। লুটপাট ও চাঁদাবাজির বিরুদ্ধে কথা বললেই বিরোধীদের ওপর হামলা ও মামলা দেওয়া হচ্ছে। যত হামলা, মামলা ও দমন-পীড়নই করা হোক, আন্দোলন থামানো যাবে না। অতীতে ১৭ বছর দমন-পীড়নের পরও ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পালাতে হয়েছিল। এই সরকার যদি একই পথে হাঁটে, তাহলে তাদেরও একই পরিণতির মুখোমুখি হতে হবে।

এসময় সমাবেশে আরও উপস্থিত ছিলেন, জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর আহমেদ সরদার, সদস্য সচিব তানজিম জুবায়ের, সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক শওকত আলী, মহানগরের সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মাহফুজ খান, সদস্য সচিব সারফারাজ হক সজীব, মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইসলাম ও সদস্য সচিব জহিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *