বাসাইলে ইনতিজার শিশু বৃত্তি পরীক্ষা ২০২৫-এর পুরস্কার বিতরণ

দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইল উপজেলার ১নং ফুলকি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ইনতিজার শিশু বৃত্তি পরীক্ষা ২০২৫-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১:৩০টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে এলাকার শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজনদের উপস্থিতিতে মিলনায়তনটি মুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম বিজু। তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে ইনতিজার শিশু বৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ করে দেশ গঠনে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত পোস্টমাস্টার মোঃ তোফাজ্জল হোসেন। তিনি তাঁর সভাপতির বক্তব্যে বৃত্তি পরীক্ষার ধারাবাহিক সাফল্যের প্রশংসা করে বলেন, মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং শিক্ষাক্ষেত্রে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়।
অনুষ্ঠানের উদ্বোধক ও ফুলকি বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিশুদের মেধা বিকাশ ও শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টিতে ইনতিজার শিশু বৃত্তি একটি অনন্য উদ্যোগ, যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখছে।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়থা জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, অধ্যবসায়, শৃঙ্খলা ও সততার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বৃত্তি অর্জন শুধু পুরস্কার নয়, বরং ভবিষ্যতের বড় অর্জনের পথে এক গুরুত্বপূর্ণ ধাপ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইনতিজার শিশুবৃত্তির প্রতিষ্ঠাতা, দৈনিক ইনতিজার পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যাপক এ.বি.এম. আব্দুল হাই মিঞা। তিনি বলেন, ২০০৯ সালে শুরু হওয়া এ বৃত্তি কর্মসূচির মূল লক্ষ্য হলো গ্রামাঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে তাদের উৎসাহিত করা। সকলের সহযোগিতায় এ কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন প্রভাষক, লেখক ও গবেষক মোঃ এনায়েত করিম। তিনি বলেন, একটি জাতির অগ্রগতির মূল চালিকাশক্তি হলো শিক্ষিত ও মেধাবী প্রজন্ম। ইনতিজার শিশু বৃত্তি সেই মেধাবী প্রজন্ম তৈরির এক প্রশংসনীয় উদ্যোগ।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন দৈনিক ইনতিজার পত্রিকার সহ-সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা কালিহাতী ইউনিটের সভাপতি সৈয়দ মহসীন হাবীব সবুজ। তিনি বলেন, ইনতিজার শিশু বৃত্তির প্রতিষ্ঠাতা অধ্যাপক এ.বি.এম. আব্দুল হাই মিঞা ২০০৯ সালে এ বৃত্তি পরীক্ষা চালু করেন এবং তা ধারাবাহিকভাবে পরিচালিত হয়ে আসছে। বর্তমানে টাঙ্গাইলে নয়টি কেন্দ্রে এবং টাঙ্গাইলের বাইরে শেরপুর, গাজীপুর ও ঢাকায় এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। করোনা মহামারির সময় সাময়িকভাবে কার্যক্রম বন্ধ থাকলেও পরবর্তীতে তা পুনরায় চালু হয়। তিনি প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল হাই মিঞার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, তাঁর মহতী উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও বক্তব্য রাখেন দৈনিক ইনতিজার পত্রিকার সহ-সম্পাদক ডা. কামাল আহমেদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইনতিজার শিশুবৃত্তি ফুলকি কেন্দ্রের কেন্দ্র সচিব আব্দুল মালেক। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ফুলকি ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
শেষে কৃতী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির সনদ, ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের আনন্দ-উচ্ছ্বাসে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *