কালিহাতীতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসক আবু সাঈদের মতবিনিময়

দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ। সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কালিহাতী উপজেলা পরিষদের ৩য় তলায় সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ। সভায় বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য লুৎফর রহমান মতিন। জাতীয় সাংবাদিক সংস্থার কালিহাতী ইউনিটের সভাপতি সৈয়দ মহসীন হাবীব সবুজ উপজেলা সমন্বয়ক মূলক প্রতিটা দপ্তর সম্পর্কে সংক্ষেপে বক্তব্য প্রদান করেন।
জেলা প্রশাসক আবু সাঈদ তাঁর বক্তব্যে সরকারের ভিশন ও মিশন বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের দায়িত্বশীলতা, নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিটি দপ্তরের কর্মকর্তাদের আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। সাধারণ মানুষ যেন হয়রানি ছাড়াই সরকারি সেবা পায়, সে বিষয়েও কর্মকর্তাদের সচেতন থাকতে হবে।
তিনি সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা, সিসি ক্যামেরা স্থাপন, বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা চালু এবং বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। দাপ্তরিক কাজে স্বচ্ছতা, জবাবদিহি ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সরকারি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।
স্থানীয় সংসদ সদস্য লুৎফর রহমান মতিন তাঁর বক্তব্যে কালিহাতীর সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং সরকারি উন্নয়ন কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়নে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, এলাকার মানুষের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের পারস্পরিক সহযোগিতা, আন্তরিকতা এবং সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, শিক্ষা, কৃষি, আইনশৃঙ্খলা ও সামাজিক সুরক্ষাসহ জনস্বার্থসংশ্লিষ্ট প্রতিটি ক্ষেত্রে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভায় জেলা প্রশাসকের প্রশাসনিক দিকনির্দেশনা এবং সংসদ সদস্যের উন্নয়ন ও জনকল্যাণমূলক বক্তব্যের মধ্য দিয়ে কালিহাতীর সরকারি সেবার মান বৃদ্ধি, দাপ্তরিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এ সময় কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাইমিনুল ইসলাম, কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী, উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা তরিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ ও শেখ শফিকুল ইসলামসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *