দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে নারায়ণগঞ্জ নগরীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে শহরের খানপুর হাসপাতালের সামনে থেকে মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে এ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি খানপুর হাসপাতালের সামনে থেকে শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।
এসময় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার ১৭ বছর অনিয়ম আর দূর্ণীতির মাধ্যমে দেশ পরিচালনা করেছে। হাজার হাজার কোটি টাকা বিভিন্ন মেগা প্রকল্পের নামে লুটপাট করেছে। ২৪ এর গণঅভ্যুত্থানের পর তারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে তারা বিদেশের মাটিতে বসে দেশকে অস্থিতিশীল করার জন্য নানারকম ষড়যন্ত্র করছে। বিভিন্ন এলাকায় দূর্ণীতির টাকা দিয়ে পরিবেশ অশান্ত করতে চাইছে।
তারা আরও বলেন, ৫ তারিখের পর যারা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নাম বিক্রি করে রাজনীতি করতে চায় তাদেরকে হুশিয়ার করে দিতে চাই। রাজপথে আমরাই ছিলাম, আমরাই থাকবো। যারা অপরাধ করবে তাদের বিচার দেশবাসী দেখবে। শেখ হাসিনার দেশে ফিরে আসার কোন সুযোগ নেই। আওয়ামী লীগের যেসকল কর্মীরা টাকা খেয়ে রাজপথে নাশকতা সৃষ্টি করার চেষ্টা করবে তাদেরকে কোন ছাড় দিবোনা। এসব নাশকতার সাথে জড়িত যারা তারা যদি বাংলাদেশে থাকে তাদেরকেও বিচারের আওতায় আনা হবে।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা ও সদস্য সচিব মমিনুর রহমান বাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ।