দৈনিক তালাশ ডটকামঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ইছাপুরস্থ শেরে বাংলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শনিবার (১ আগস্ট) সকাল ১১টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মিড-ডে মিল ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি সাংবাদিক এমএ রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের মাননীয় সংসদ সদস্য লুৎফর রহমান মতিন।
এছাড়াও উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হিরু, ড্যাব নেতা ডা. শাহ আলম, কালিহাতী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী, ছাত্রদলের সাবেক যুগ্ম- আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. শামসুল আলম, বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, ছাত্র-ছাত্রী, এলাকাবাসী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু তাঁর বক্তব্যে বলেন, “একটি শিক্ষিত জাতি গঠনের জন্য বিদ্যালয়ে শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের চর্চা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে মিড-ডে মিল কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে শিক্ষার উন্নয়নে এগিয়ে আসতে হবে।”
উদ্বোধক সংসদ সদস্য লুৎফর রহমান মতিন বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। কালিহাতীর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে আমি সর্বদা কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও করে যাব।
শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, আধুনিক শিক্ষা নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।”
শেষে শিক্ষার্থীদের মাঝে মিড-ডে মিল বিতরণ করা হয় এবং অভিভাবকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে শিক্ষার সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।