দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: শহরের কেন্দ্রীয় কালীবাড়ি এলাকায় সাড়ে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে বিপ্লব নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে শহরের কেন্দ্রীয় কালীবাড়ি এলাকার একটি ভবনের চতুর্থ তলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে শিশুটির পরিবার। এ ঘটনায় শিশুটি গুরুতর আহত হয়েছে। বর্তমানে সে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শিশুটির পরিবারের অভিযোগ, অভিযুক্ত বিপ্লব শিশুটিকে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটি চিৎকার করে বাধা দিলে অভিযুক্ত ব্যক্তি ইট দিয়ে তার মুখ ও নাকে আঘাত করেন। এতে শিশুটি গুরুতর আহত হয়।
শিশুটির মা জানান, তিনি শহরের ক্যাপসুল মার্কেট এলাকার একটি পার্লারে কাজ করেন। অভিযুক্ত বিপ্লব ওই পার্লারে নিয়মিত যাতায়াত করতেন।
এদিকে, ঘটনার খবর পেয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু (এমপি) রাত ১২টায় ছুটে আসেন টাঙ্গাইলের মেডিকেল কলেজ হসপিটাল ও গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি অপরাধীকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ গুরুত্ব ও কঠোরতার সঙ্গে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
ঘটনার পর শিশুটির শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে উপস্থিত হন টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী, টাঙ্গাইল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আবু হানিফ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়াসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ ঘটনায় শিশুটির পরিবারের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এ ধরনের নৃশংস অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন মহল।