দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা জমিদারবাড়িতে বিশিষ্ট ব্যক্তি প্রদীপ কমল ভট্টাচার্য (জগন্নাথ ঠাকুর)-এর শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ২টায় এলেঙ্গায় তাঁর নিজ বাসভবনে ধর্মীয় ভাবগাম্ভীর্য, গভীর শ্রদ্ধা ও শোকাবহ পরিবেশে এ শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (টাঙ্গাইল সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য জননেতা মো. লুৎফর রহমান মতিন, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য, টাঙ্গাইলের পুলিশ সুপার শামসুল আলম সরকার, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাইয়ুম খান সিদ্দিকী, কালিহাতী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরো, এলেঙ্গা পৌরসভার সাবেক মেয়র মো. শাফী খান, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মহর আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আরো উপস্থিত ছিলেন দৈনিক ইনতিজার পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যাপক এ বি এম আব্দুল হাই মিয়া, কালিহাতী প্রেস ক্লাবের একাধিকবার নির্বাচিত সাবেক সভাপতি সাংবাদিক শাহ আলম, দৈনিক ইনতিজার পত্রিকার সহ-সম্পাদক ও কালিহাতী ইউনিট জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি সৈয়দ মহসীন হাবীব সবুজ, সাধারণ সম্পাদক বিপ্লব সরকার, এলেঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ রমজান আলী প্রমুখ।
এ সময় উপস্থিত অতিথিরা প্রয়াত প্রদীপ কমল ভট্টাচার্যের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
ধর্মীয় রীতিনীতি ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শ্রাদ্ধানুষ্ঠানটি সম্পন্ন হয়। স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে প্রিয়জনকে স্মরণ করার মধ্য দিয়ে অনুষ্ঠানটি এক আন্তরিক ও হৃদয়স্পর্শী স্মৃতিচারণের উপলক্ষে পরিণত হয়।