দেলদুয়ারে ইনতিজার শিশুবৃত্তির পুরস্কার বিতরণ

দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পুটিয়াজানীতে অবস্থিত বাল্যশিক্ষা কিন্ডারগার্টেনে ইনতিজার শিশুবৃত্তির পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৯টায় আয়োজিত অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাজিলহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম. এ. মবিন সরকার। উদ্বোধক ছিলেন শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. শামসুল আলম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন লেখক, গবেষক ও দৈনিক ইনতিজার-এর বার্তা সম্পাদক মো. এনায়েত করিম এবং দৈনিক ইনতিজার-এর সহ-সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার কালিহাতী ইউনিটের সভাপতি সৈয়দ মহসীন হাবীব সবুজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী, সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, সমাজসেবক মো. রাজিব হোসেন এবং মো. আসাদুজ্জামান আসাদ। অনুষ্ঠানে কেন্দ্র সচিব ও বাল্যশিক্ষা কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুর রউফ উপস্থিত থেকে অনুষ্ঠানের সার্বিক কার্যক্রমে অংশ নেন।
দৈনিক ইনতিজার পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং ইনতিজার শিশুবৃত্তির প্রতিষ্ঠাতা অধ্যাপক এ. বি. এম. আব্দুল হাই মিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাল্যশিক্ষা কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মো. সজিব মিয়া।
বক্তারা বলেন, একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি হলো শিক্ষিত ও নৈতিকতাসম্পন্ন প্রজন্ম গড়ে তোলা। শিক্ষার্থীদের মেধা বিকাশে বৃত্তি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা ইনতিজার শিশুবৃত্তির এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে অধ্যাপক এ. বি. এম. আব্দুল হাই মিয়া বলেন, “মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে ইনতিজার শিশুবৃত্তি চালু করা হয়েছে। ভবিষ্যতেও দেশের বিভিন্ন অঞ্চলে এ কার্যক্রম আরও বিস্তৃত করা হবে, যাতে শিক্ষার্থীরা পড়াশোনায় আরও উৎসাহ পায় এবং দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে।”
প্রধান অতিথি এম. এ. মবিন সরকার বলেন, “শিক্ষায় বিনিয়োগই একটি জাতির সর্বোত্তম বিনিয়োগ। ইনতিজার শিশুবৃত্তির মতো উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং তাদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।”
প্রধান আলোচক মো. এনায়েত করিম বলেন, “মেধার যথাযথ মূল্যায়নই শিক্ষার্থীদের সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়। ইনতিজার শিশুবৃত্তি সেই মূল্যায়নের একটি অনন্য দৃষ্টান্ত।”
দৈনিক ইনতিজার-এর সহ-সম্পাদক সৈয়দ মহসীন হাবীব সবুজ বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের নৈতিক শিক্ষা, দেশপ্রেম এবং মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার পাশাপাশি মেধাকে বিকশিত করার সুযোগ সৃষ্টি করতে হবে। ইনতিজার শিশুবৃত্তি সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।”
অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার, সনদপত্র ও সম্মাননা তুলে দেওয়া হয়।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *