রথযাত্রা ও উল্টো রথযাত্রায় সার্বিক নিরাপত্তা ও সহযোগিতার নির্দেশ মামুন মাহমুদের

দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: আসন্ন রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।

মঙ্গলবার (১৪ই জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদের হলরুমে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

অধ্যাপক মামুন মাহমুদ বলেন, রথযাত্রার পাশাপাশি উল্টো রথযাত্রার সময়ও একইভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যাতে সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন। রথযাত্রাকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে দলীয়ভাবে সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। নেতাকর্মীদের নিজ নিজ এলাকার মন্দির ও রথযাত্রার শোভাযাত্রার নিরাপত্তায় প্রশাসনের পাশাপাশি সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনার জন্য যোগ্য নেতৃত্ব তৈরি করা জরুরি। যোগ্য ব্যক্তিদের মূল্যায়ন ও সামনে নিয়ে আসতে না পারলে ভবিষ্যতে নেতৃত্বের সংকটে পড়তে হবে দলকে।

এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শিখন সরকার শিপন, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, তারাবো পৌর বিএনপির সভাপতি তাসিক ওসমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান, জেলা তাঁতী দলের সভাপতি শুক্কুর আলী, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান, সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া ও জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *