টাঙ্গাইলের দেলদুয়ার থানা পরিদর্শনে পুলিশ সুপার শামসুল আলম সরকার

দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইল জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার লক্ষ্যে বুধবার (২৪ জুন) দেলদুয়ার থানা পরিদর্শন করেন টাঙ্গাইলের সুযোগ্য পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।
থানা প্রাঙ্গণে পৌঁছালে পুলিশ সুপারকে পুলিশের একটি চৌকস ও সুশৃঙ্খল দল আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি দেলদুয়ার থানার চৌকিদার (গ্রাম পুলিশ) সদস্যদের প্যারেড পরিদর্শন করেন এবং তাদের দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও উৎসাহব্যঞ্জক বক্তব্য প্রদান করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রম এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে গৃহীত পদক্ষেপসমূহ সম্পর্কে খোঁজখবর নেন। তিনি উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, জনগণের আস্থা অর্জন ও সেবার মান উন্নয়নে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
এ সময় তিনি থানায় কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, প্রয়োজনীয় চাহিদা ও কল্যাণসংক্রান্ত বিষয় মনোযোগ সহকারে শোনেন এবং বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
পুলিশ সুপার থানার মালখানা, হাজতখানা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, মামলা ব্যবস্থাপনা, তদন্ত কার্যক্রমের অগ্রগতি, সেবার মান এবং প্রশাসনিক ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করে থানার কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনমুখী করার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন-সহ থানায় কর্মরত সকল কর্মকর্তা ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
এই পরিদর্শন দেলদুয়ার থানার কার্যক্রমকে আরও কার্যকর ও জনসেবামুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *