দৈনিক তালাশ ডটকম : নারায়ণগঞ্জ আদালতপাড়ায় বিএনপি ও আওয়ামী লীগপন্থি আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করাকে কেন্দ্র করে ওই ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এতে বিএনপির কর্মসূচি পণ্ড হয়েছে।
সোমবার (৫ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সেলিম ওসমান বারভবনের নিচ তলায় এ ঘটনা ঘটে।
আইনজীবীরা জানান, জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সেলিম ওসমান বার জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে ভবনের নিচ তলায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কর্মসূচির এক পর্যায়ে আওয়ামী লীগপন্থি আইনজীবী এড. সুইটি ইয়াসমিন নামাজের কথা বলে মাইক বন্ধ করে দেন। এতে বিএনপি পন্থি আইনজীবীরা মাইক চালু করতে বললে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ফোরামের সভাপতি এড. সরকার হুমায়ুন কবির বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগের আইনজীবীরা বাধা দিয়েছে। আমাদের অনুষ্ঠান পণ্ড করেছে। তারা তাদের ক্ষমতা দেখিয়েছে।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল বলেন, বিএনপির আইনজীবীরা সমিতির অনুমতি ছাড়াই কর্মসূচি পালন করেছিল। তাই সাধারণ আইনজীবীদের সুবিধার্থে তাদের কর্মসূচি বন্ধ করার জন্য বলা হয়েছে।