বন্দরে নববধূ ঝুমকার রহস্যজনক মৃত্যু 

দৈনিক তালাশ ডটকম :বন্দর প্রতিনিধিঃ ঝুমকা (২৪) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (৪ জুন) রাতে নারায়নগঞ্জের বন্দরের উত্তর লক্ষণখোলা এলাকার হুমায়ুন চৌধুরীর গ্যারেজ সংলগ্ন ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। ঝুমকা নেত্রকোনার তরিকুলের স্ত্রী বলে জানা গেছে।

প্রতিবেশী হুমায়ুন কবির চৌধুরী জানান, ঝুমকা সৌদি আরব প্রবাসে ছিলেন। সম্প্রতি দেশে ফিরেন তিনি। প্রায় এক মাস আগে খালাতো ভাই তরিকুলের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর ঝুমকাকে নিয়ে নারায়ণগঞ্জে চলে আসে তরিকুল। বন্দরের উত্তর লক্ষণখোলা এলাকার মোক্তার হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করেন।
বাড়ির মালিক মোক্তার হোসেন জানান, উভয়ের মধ্যে বনিবনা ছিলনা। নানা কারণে প্রতিদিন ঝগড়া হত। রোববার রাতে ঘরের ভেতর গলায় ওড়না পেঁচিয়ে ঝুমকা আত্মহত্যা করেছে এমন প্রচার চালানো হয়। পরে কাউকে না জানিয়ে তড়িঘড়ি করে লাশ রাতেই নেত্রকোনা নিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, লোকের মাধ্যমে খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি। রাতেই লাশ গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়েছে বলে এলাকাবাসী জানান।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *