ষড়যন্ত্রকারীদের ইন্ধনে একটি বিশেষ দল নানা ধরণের ষড়যন্ত্রে মেতে উঠেছে: আবদুস সালাম আজাদ

দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: দেশীয় ও বিদেশী ষড়যন্ত্রকারীদের সব চক্রান্ত পরাভূত করে বাংলাদেশে একটি সমৃদ্ধিশালী ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ এমপি।

বৃহস্পতিবার (৬ই আগস্ট) নারায়ণগঞ্জ নতুন কোর্ট সংলগ্ন এলাকায় নারায়ণগঞ্জ জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, এদেশের মানুষের মূল আশা ছিল এই দলের মধ্য দিয়ে একটি সমৃদ্ধিশালী ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, যেখানে জনগণের কথা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত থাকবে। গণঅভ্যুত্থানের পর স্বৈরাচারী শাসক জনগণের তীব্র আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তবে বর্তমানে আবারও নতুন করে দেশীয় ও বিদেশী ষড়যন্ত্রকারীদের ইন্ধনে একটি বিশেষ দল নানা ধরণের ষড়যন্ত্রে মেতে উঠেছে।

ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বাংলাদেশের মাটিতে কোন বিদেশী কিংবা দেশীয় চক্রান্তকারীদের স্থান হবে না। আমরা তাদের সকল ষড়যন্ত্র পরাভূত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। জননেতা তারেক রহমানের নেতৃত্বে এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে একটি সমৃদ্ধিশালী গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা হবে। এদেশের জনগণ, সাধারণ মানুষ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল বিএনপিকে গণতান্ত্রিক অধিকার পুনর্দখলের লড়াইয়ে সমাদৃত করেছে। অতীতের বিভিন্ন নির্বাচনের মধ্য দিয়ে জনগণ বিএনপিকে সংসদে পাঠিয়েছে, তাদের ওপর আস্থা রেখে সরকার গঠনের সুযোগ দিয়েছে। 

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিবের সঞ্চালনায় এ-সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা) এমপি নজরুল ইসলাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য এমপি আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক এড. আবদুল বারী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি সহ প্রমূখ।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *