দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জে অসহায় বয়স্ক শ্রমিকদের মাঝে মাসিক ভাতা বিতরণ করেছেন জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ শহিদ। এ ভাতা পেয়ে আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন শ্রমিকরা এবং নেতৃবৃন্দের জন্য দোয়া করেন।
রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ এলাকায় জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-ঢাকা-২৫৫৮)-এর আয়োজনে ৪৫ জন বয়স্ক শ্রমিকের মাঝে এই ভাতা বিতরণ করা হয়।
ইউনিয়নের দায়িত্ব গ্রহণের পর সভাপতি হাসান আহম্মেদ হাসান-এর নির্দেশনা এবং সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ শহিদের উদ্যোগে অক্ষম, বয়স্ক ও কর্মহীন শ্রমিকদের জন্য মাসিক ভাতা কার্যক্রম চালু করা হয়।
ভাতা প্রাপ্ত শ্রমিকরা জানান, গত ৪৫ বছরে এই ইউনিয়ন থেকে অবসরপ্রাপ্ত চালক ও শ্রমিকদের জন্য এমন কোনো সহায়তা দেওয়া হয়নি। তারা বলেন, “অনেক নেতা এসেছে-গেছে, কিন্তু আমাদের মতো শ্রমিকদের কথা কেউ ভাবেনি। সাব্বির ভাই দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদের ঈদ সামগ্রী ও বস্ত্রও দিয়েছেন। আমরা তাঁর ও সকল নেতৃবৃন্দের জন্য দোয়া করি।”
সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ শহিদ বলেন, “আমি দায়িত্ব নেওয়ার পর কর্মক্ষমতা হারানো শ্রমিকদের খুঁজে বের করে তাদের জন্য এই সম্মানী ভাতা চালু করেছি। প্রথমে ৩৫ জন দিয়ে শুরু হলেও এখন তা ৪৫ জনে উন্নীত হয়েছে। ভবিষ্যতে মৃত শ্রমিকদের পরিবারগুলোর পাশেও দাঁড়াবো। আমি থাকি বা না থাকি, এই ভাতা কার্যক্রম চলমান থাকবে।”
তিনি আরও বলেন, “আমরা সবাই একসাথে থাকলে, সুখ-দুঃখ ভাগাভাগি করলে সংগঠন আরও শক্তিশালী হবে। ঐক্যের মধ্যেই আমাদের শক্তি ও শান্তি ।”
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান লিটন, সহ-সভাপতি মালেক সরদার, শহিদুল ইসলাম, লুৎফর রহমান মন্টু, সহ-সাধারণ সম্পাদক মস্তান প্রধান, মো. হারুন, আওলাদ খন্দকার, কোষাধ্যক্ষ মাহাবুব রহমান, সাংগঠনিক সম্পাদক সিকদার বাপ্পী চিশতী, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ উদ্দিন টিটু, দপ্তর সম্পাদক রহমত উল্লাহ রাজিব, সহ-দপ্তর সম্পাদক মো. রফিক, প্রচার সম্পাদক মো. পায়েল হোসেন আকাশ, কার্যকরী সদস্য রাজিব হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।