দৈনিক তালাশ ডটকমঃটাঙ্গাইল প্রতিনিধি: সৈয়দ মহসীন হাবীব সবুজ মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম ওফাত দিবস উপলক্ষে তাঁর মাজারে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে ডিজিটাল সাংবাদিক ফোরাম টাঙ্গাইল। মঙ্গলবার (১৭ নভেম্বর) টাঙ্গাইল শহরের সন্তোষে মাওলানা ভাসান এর মাজারে মানুষের জন সমুদ্রে ডিজিটাল সাংবাদিক ফোরাম পুষ্প স্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ন্যাপ ভাসানীর সভাপতি হাসরত খান ভাসানী, ডিজিটাল সাংবাদিক ফোরাম টাঙ্গাইলের সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক রুবেল রানা, দপ্তর সম্পাদক মো. কামাল হোসেন এবং কার্যকরী সদস্য রাব্বি হোসেন ও মো. সাহিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদনকালে নেতৃবৃন্দ মওলানা ভাসানীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশপ্রেম, সংগ্রামী আদর্শ এবং শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তাঁরা বলেন, মওলানা ভাসানী শুধু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসেরই এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব নন, তিনি বিশ্বজুড়ে নির্যাতিত ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে এক অনন্য নাম। তাঁর আপসহীন নেতৃত্ব, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী রাজনৈতিক দর্শন আজও সমানভাবে প্রাসঙ্গিক।
নেতৃবৃন্দ আরও বলেন, নতুন প্রজন্মের কাছে মওলানা ভাসানীর জীবন, কর্ম ও সংগ্রামী আদর্শ তুলে ধরা অত্যন্ত জরুরি। তাঁর আদর্শ ও মানবকল্যাণের দর্শন আগামী প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা জোগাবে।