দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: মেধা, অধ্যবসায় ও সাফল্যের স্বীকৃতি হিসেবে টাঙ্গাইলের কালিহাতীতে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে কালিহাতী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ অর্জনকারী ১০৮ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্য শুধু তাদের ব্যক্তিগত অর্জন নয়; এটি পরিবার, শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমগ্র সমাজের জন্য গৌরবের বিষয়। কঠোর পরিশ্রম, নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধকে ধারণ করে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার জন্য কৃতি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.কে.এম আমির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, শিক্ষক আব্দুল আজিজ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক আতিকুর রহমান ফরিদ।
কৃতি শিক্ষার্থীদের এই সংবর্ধনা তাদের শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি জ্ঞান, মানবিকতা, দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে গড়ে উঠতে উৎসাহ জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।