দৈনিক তালাশ ডটকমঃ থানায় অভিযোগ করেও কোন সহযোগিতা পাচ্ছে না ভুক্তভোগীরা? নারায়ণগঞ্জের ফতুল্লায় ব্যবসাপ্রতিষ্ঠানের প্রায় ৯০ হাজার টাকা মূল্যের দুটি ৩ চাকার অটো কভার ভ্যান বিক্রি করে টাকা আত্মসাতের অভিযোগে এক সহকারী ম্যানেজারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
গত ১৭ আগস্ট এ ঘটনাটি ঘটে। ঘটনার ভুক্তভোগী আমতলা এলাকার ‘রহমান এন্টারপ্রাইজ’-এর মালিক হাবীবুর রহমান (৫৪) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় এই লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত ব্যক্তির নাম ইমতিয়াজ রায়হান লিছান (২৪)। তিনি এনায়েতনগর আমতলা হরিহরপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত লিছান বিগত ৮ মাস যাবৎ রহমান এন্টারপ্রাইজে সহকারী ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। গত ১৭ আগস্ট দুপুর আনুমানিক ১টার দিকে ফতুল্লার আমতলাস্থ সাইদুল ইসলামের অটো গ্যারেজ থেকে প্রতিষ্ঠানের দুটি ৩ চাকার অটো কভার ভ্যান ঠিক আছে কিনা তা পরীক্ষার কথা বলে বের করে নিয়ে যান। পরবর্তীতে তিনি গাড়ি দুটি অন্যত্র বিক্রি করে দিয়ে সম্পূর্ণ টাকা আত্মসাৎ করে অজ্ঞাত স্থানে পালিয়ে যান। আত্মসাৎ করা গাড়ি দুটির আনুমানিক বর্তমান বাজারমূল্য ৯০,০০০ (নব্বই হাজার) টাকা।
পরবর্তীতে ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে অভিযুক্তের ব্যবহৃত মোবাইল নম্বরে যোগাযোগ করে গাড়ি ফেরত চাইলে অভিযুক্ত লিছান ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একই সাথে গাড়ি ফেরত না দেওয়ার হুমকি দিয়ে জানান যে, তিনি গাড়ি বিক্রি করে দিয়েছেন। এ নিয়ে পরবর্তীতে আর যোগাযোগ বা পাওনা দাবি করলে তাকে প্রাণে মেরে ফেলাসহ একাধিক মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
এ বিষয়ে কোনো উপায় না পেয়ে ভুক্তভোগী ব্যবসায়ী ফতুল্লা মডেল থানায় উপস্থিত হয়ে আইনগত প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালাচ্ছে।