জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মহানগর জামায়াতে ইসলামীর বিক্ষোভ

দৈনিক তালাশ ডটকমঃস্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং বর্ধিত মূল্য পুনর্বিবেচনার দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগর শাখা।

সোমবার (২১শে সেপ্টেম্বর) বিকেলে নগরীর মিশনপাড়া এলাকা থেকে মহানগর জামায়াতের ব্যানারে মিছিলটি বের হয়। পরে চাষাঢ়াসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন দলটির নেতাকর্মীরা।

এর আগে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি পুনর্বিবেচনার দাবিতে জেলা প্রশাসক মো. রায়হান কবিরের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয় মহানগর জামায়াত।

স্মারকলিপিতে দলটি দাবি করে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষের ওপর আর্থিক চাপ বাড়বে। এর প্রভাবে পরিবহন ভাড়া, কৃষি উৎপাদন ও পণ্য পরিবহনের ব্যয় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির আশঙ্কা রয়েছে।

জনদুর্ভোগ কমাতে জ্বালানি তেলের বর্ধিত মূল্য পুনর্বিবেচনা, মূল্যবৃদ্ধির অজুহাতে গণপরিবহনের ভাড়া ও নিত্যপণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানো বন্ধ, জ্বালানি তেলের মূল্য নির্ধারণে স্বচ্ছতা এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয়।

এ ছাড়া পরিবহন ও নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেট এবং অতিরিক্ত মূল্য আদায় বন্ধে কঠোর নজরদারি ও জ্বালানি খাতে অপচয়, অনিয়ম ও দুর্নীতি রোধের দাবি জানায় দলটি।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমাদ, মহানগর জামায়াতের নায়েবে আমির মাওলানা আবদুল কাইউম, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মো. মনোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন ও এইচ এম নাসির উদ্দিন সহ প্রমূখ।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *