দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল শহরের ঢাকা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হেনস্তার অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি ও জাতীয় দৈনিক সমাবেশের জেলা প্রতিনিধি মো. আরিফুর রহমান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. শামীম আল মামুন।
বক্তারা বলেন, সংবাদ সংগ্রহ ও প্রকাশের কাজে সাংবাদিকদের বাধা, হেনস্তা বা হয়রানি স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং সাংবাদিকদের নিরাপদ পরিবেশে দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করার দাবি জানান।
সভাপতি মো. আরিফুর রহমান বলেন, ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আন্দোলন অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত সোমবার সকালে ঢাকা ক্লিনিকে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক সোহেল রানাসহ আরও দুই সাংবাদিক হেনস্তার শিকার হন বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় সাংবাদিক সোহেল রানা বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।