দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: প্রশাসনের উচ্চপর্যায়ে বড় ধরনের পদোন্নতি দিয়েছে সরকার। ১৭৯ জন উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে দেশের ১০ জেলার জেলা প্রশাসক (ডিসি) রয়েছেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রথম প্রজ্ঞাপনে ১৭২ জন উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হয়। পরে পৃথক আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন দেশের বাংলাদেশ দূতাবাস, হাইকমিশন এবং সরকারি দপ্তরে কর্মরত আরও সাতজন উপসচিবকে একই পদে পদোন্নতি দেওয়া হয়। ফলে মোট ১৭৯ জন কর্মকর্তা যুগ্মসচিব পদে উন্নীত হন।
পদোন্নতিপ্রাপ্ত জেলা প্রশাসকরা হলেন— গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভুইয়া, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এবং পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ পদোন্নতির মাধ্যমে অভিজ্ঞ ও যোগ্য কর্মকর্তাদের প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ আরও বিস্তৃত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। নতুন দায়িত্বে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সরকারের নীতি বাস্তবায়ন, জনসেবা বৃদ্ধি এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।