দৈনিক তালাশ ডটকমঃ বিশেষ প্রতিবেদন: মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে বিশ্বের সকল শ্রমজীবী ও মেহনতি মানুষকে প্রাণঢালা শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংক-লরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ও যুবদল নেতা মোঃ শিকদার বাপ্পি চিশতি।
বৃহস্পতিবার (৩০শে এপ্রিল) সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এই সংহতি প্রকাশ করেন।
বার্তায় মোঃ শিকদার বাপ্পি চিশতি ১৮৮৬ সালের শিকাগোর হে মার্কেটে শ্রমিকদের ঐতিহাসিক আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
তিনি বলেন, “পহেলা মে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লড়াই ও সংগ্রামের এক গৌরবোজ্জ্বল দিন। সেদিন শ্রমিকরা তাদের ন্যায্য দাবি ও ৮ ঘণ্টা শ্রম সময়ের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। তাদের সেই মহান আত্মত্যাগের পথ ধরেই আজ বিশ্বজুড়ে শ্রমিকের অধিকার ও মর্যাদা স্বীকৃত হয়েছে।”
শিকদার বাপ্পি আরও উল্লেখ করেন যে, মে দিবসের চেতনাকে ধারণ করে শ্রমিকের শ্রমের সঠিক মূল্যায়ন নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।
মেহনতি মানুষের সুখ-সমৃদ্ধি কামনা করে এই যুবদল নেতা বলেন, তিনি ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে সবসময় শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন।
বিশেষ করে শ্রমিকের ঘাম শুকানোর আগেই ন্যায্য পারিশ্রমিক পরিশোধ এবং কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ ও যথাযথ সম্মান নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি মনে করেন, শ্রমিকের অধিকার সুরক্ষিত থাকলেই দেশের অর্থনীতি মজবুত হবে এবং জাতি প্রকৃত সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।
পরিশেষে, দেশের শিল্প ও উৎপাদন খাতের উন্নয়নকল্পে শ্রমিক-মালিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান এবং সকল শ্রমিকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এই যুবদল নেতা।