সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে ‘মিথ্যা ও বানোয়াট’ দাবি ফেরদাউসের

দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অশ্লীল ভিডিওকে ‘মিথ্যা ও বানোয়াট’ দাবি করে প্রতিবাদ জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মাওলানা ফেরদাউসুর রহমান।

তবে ভাইরাল ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি, নাকি তাঁর ব্যক্তিগত কোনো ভিডিও এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেননি তিনি। বরং সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিয়েই সংবাদ সম্মেলন শেষ করেন এই নেতা।

শুক্রবার (১৩ নভেম্বর) নারায়ণগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় এ সংবাদ সম্মেলন।

আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফেরদাউসুর রহমান জানান, গত ১১ নভেম্বর রাত আনুমানিক ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে জড়িয়ে একটি অশ্লীল ও অসামাজিক ভিডিও ছড়িয়ে পড়ে। তিনি ঢাকার বাইরে থাকায় ঘটনার একদিন পর এ বিষয়ে প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। রাজনৈতিক ও সামাজিক প্রতিপক্ষ তাঁকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ভিডিওটি ছড়িয়ে দিয়েছে। ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

ফেরদাউসুর রহমান আরও জানান, বিভিন্ন সময়ে একটি বিশেষ মহল তাঁর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালিয়ে আসছে। রাজনৈতিক কর্মী হিসেবে তিনি বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও ওয়াজ মাহফিলে অংশ নেন। সেখানে বিভিন্ন মতাদর্শের রাজনৈতিক নেতাদের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। এসব বিষয়কে পুঁজি করে একটি গোষ্ঠী তাঁর সম্মানহানির চেষ্টা করছে।আমি যদি কোনো অপরাধে লিপ্ত থাকি কিংবা অপরাধ করে থাকি, তাহলে দেশে আইন আছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের অপপ্রচার নিয়ন্ত্রণে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব অপপ্রচার দ্রুত নিয়ন্ত্রণ করা প্রয়োজন। অন্যথায় তিনি, সরকার ও রাষ্ট্র কেউই নিরাপদ থাকবে না। এ বিষয়ে সবার সহযোগিতাও কামনা করেন তিনি।

নিজের রাজনৈতিক অতীত তুলে ধরে তিনি আরও বলেন, ছাত্ররাজনীতি থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি সামনের সারিতে ছিলেন। এ কারণে ফ্যাসিস্টদের দেওয়া ৪৬টি মামলা, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। দীর্ঘ সময় তাঁকে পলাতক জীবনও কাটাতে হয়েছে।

তবে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। এ সময় তিনি বলেন, আমি আজকে সাংবাদিকেদের কোন প্রশ্নের উত্তর দিবনা বলে চলে যান।

উত্ত সংবাদ সম্মেলনে তাঁর সঙ্গে বেশ কয়েকজন অনুসারী উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথাবার্তার একপর্যায়ে রূঢ় আচরণকে কেন্দ্র করে পরিস্থিতির সৃষ্টি হয়। পরে দুঃখ প্রকাশ করে সংবাদ সম্মেলন শেষ করেন ফেরদাউসুর রহমান।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *