দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে মহানগর বিএনপি।
শনিবার (১লা আগষ্ট) বিকেলে নগরীর মিশনপাড়া এলাকায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা বিভিন্ন মন্তব্যের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় মহানগর বিএনপির পক্ষ থেকে নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করে এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, “দীর্ঘ ১৭ বছর শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিএনপি রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছে। মিথ্যাচার ও কটূক্তির মাধ্যমে তারেক রহমান বা বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করা যাবে না। বিএনপির নেতৃত্বকে নিয়ে অবমাননাকর মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে নাসীরুদ্দীন পাটওয়ারী নারায়ণগঞ্জে এলে তাকে কঠোরভাবে প্রতিহত করা হবে।”
আবু আল ইউসুফ খান টিপু আরও বলেন, “জুলাই অভ্যুত্থানের একক কৃতিত্ব দাবি করা ইতিহাস বিকৃতির সামিল। ছাত্রদল, বিএনপি, ২০ দলীয় জোট এবং সাধারণ মানুষের দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়েই স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটেছে। আপনারা চাঁদাবাজী ও নাটকের রাজনীতি পরিহার করে নিজেদের সীমার মধ্যে থাকুন। আমাদের নেতা তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য বন্ধ না করলে দেশের সাধারণ জনগণ আপনাদের দাঁতভাঙা জবাব দিবে।”
বিক্ষোভ সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ রেজা রিপন, আনোয়ার হোসেন আনু, সদস্য আওলাদ হোসেন, এড. রফিক, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা ও মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেনসহ মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে সমাবেশ শেষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে নেতাকর্মীরা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশাল একটি বিক্ষোভ মিছিল করেন।