টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে দুর্নীতি বিরোধী চিত্রাংকন প্রতিযোগিতা ২০২৬

দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা”—এই শক্তিশালী ও অনুপ্রেরণাদায়ী প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে অত্যন্ত উৎসবমুখর ও সৃজনশীল পরিবেশে অনুষ্ঠিত হলো দুর্নীতি বিরোধী চিত্রাংকন প্রতিযোগিতা ২০২৬।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল চারটায় টাঙ্গাইল জেলা দুর্নীতি দমন কমিশন এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমী, টাঙ্গাইলে এই ব্যতিক্রমধর্মী ও সচেতনতামূলক চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন টাঙ্গাইল শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুন হোসাইন ও দায়িত্বশীল কর্মকর্তা নিত্যানন্দ সরকার, যারা অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সাথে প্রতিযোগিতার মনিটরিং দায়িত্ব পালন করেন।

এছাড়াও টাঙ্গাইল জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্মানিত সভাপতি আলিম আল রাজি, সাধারণ সম্পাদক তরুণ ইউসুফ এবং সক্রিয় সদস্য মৃণাল ক্রান্তি রায় স্বশরীরে উপস্থিত থেকে সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনা প্রদান করেন।

প্রতিযোগিতায় টাঙ্গাইলের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক মেধাবী ও প্রতিভাবান শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

শিশুদের আঁকা চিত্রে দুর্নীতিবিরোধী বার্তা, নৈতিকতা ও দেশপ্রেমের উজ্জ্বল প্রতিফলন দেখা যায়, যা উপস্থিত দর্শনার্থীদের মুগ্ধ করে।

এ আয়োজনের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে দুর্নীতিবিরোধী চেতনা জাগ্রত করার পাশাপাশি একটি সৎ, স্বচ্ছ ও নৈতিক সমাজ গঠনে ভবিষ্যৎ প্রজন্মকে উদ্বুদ্ধ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *