টাঙ্গাইলে পূজামণ্ডপ ও বিসর্জনস্থল পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু

দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলে দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের প্রত্যাশা অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের আগে শহরের বিভিন্ন পূজামণ্ডপ ও বিসর্জনস্থল পরিদর্শন শেষে ঐতিহ্যবাহী কেন্দ্রীয় কালীবাড়ী মন্দিরে পূজারিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, এবারের দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকায় মানুষ নির্বিঘ্নে উৎসব উদযাপন করেছেন। পূজার ছুটি ও সরকারি অনুদান বৃদ্ধি করায় সনাতন ধর্মাবলম্বীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে টাঙ্গাইলের উন্নয়ন এবং মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা দূর করতে কাজ চলছে। নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে এ কার্যক্রম আরও জোরদার করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মিয়া, কেন্দ্রীয় কালীবাড়ী মন্দিরের সভাপতি স্বপন ঘোষ, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ চৌধুরী, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অমল ব্যানার্জীসহ প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *