দৈনিক তালাশ ডটকমঃস্টাফ রিপোর্টার: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে আগামীকাল মঙ্গলবার রাজপথে সরব থাকবেন বলে জানিয়েছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান।
সোমবার (২২শে জুন) সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত মিছিলটি নারায়ণগঞ্জ ক্লাবের সামনে থেকে শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া জিয়া হলের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
এসময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ পুনরায় রাজনৈতিক কার্যক্রম বিস্তারের চেষ্টা করছে। তারা বিভিন্ন দোসরদের মাধ্যমে রাষ্ট্র ও আইনের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা করছে। দেশের জনগণ তাদের এ ধরনের কর্মকাণ্ড মেনে নিবেনা। তারা ইতিহাসের বর্বরতম গণহত্যা ঘটিয়েছে, এত মানুষকে পঙ্গু করেছে তাদের আর কোনো ছাড় দেয়া হবেনা।
সাখাওয়াত হোসেন খান আরও বলেন, আওয়ামী লীগ যদি রাজনীতি করতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা রয়েছে তা আইনগতভাবে প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যাহার করতে হবে। অন্যথায় তারা রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না। আগামীকাল আমরা নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আওতাধীন সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে রাজপথে অবস্থান করে তাদের প্রতিহত করবো। নিষিদ্ধ সংগঠনের কোনো কর্মকাণ্ড পরিচালনার সুযোগ নেই।
উল্লেখ্য, স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর থেকেই ফ্যাসিবাদবিরোধী ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্বে থাকা সব মহলের চাপে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়। তাদের অভিযোগ, গণহত্যার পর দলটি রাজনীতি করার অধিকার হারিয়েছে। অন্যদিকে ভারতে পালিয়ে থেকে অনলাইনের মাধ্যমে নেতাকর্মীদের উদ্দেশে শেখ হাসিনা বিভিন্ন সময় উসকানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন। এছাড়া দেশের মধ্যে থেকেও আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর পাঁয়তারা শুরু করেছে সুবিধাভোগী একটি মহল।