দৈমিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান, জননন্দিত ও ন্যায়পরায়ণ নেতৃত্বের প্রতীক আব্দুল হামিদ প্রামাণিক আর আমাদের মাঝে নেই (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (১৮ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১১টায় রাজধানী ঢাকার একটি হাসপাতালে বার্ধক্য জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম আব্দুল হামিদ প্রামাণিক ছিলেন এক অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা, দায়িত্ববোধ এবং ন্যায়ের প্রতি তার দৃঢ় অবস্থান তাকে সাধারণ মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে দেয়। কালিহাতী উপজেলার বিচার কার্যক্রমে তার দৃঢ়তা, নিরপেক্ষতা ও প্রজ্ঞা ছিল প্রশংসনীয় ও অনুকরণীয়।
তার নেতৃত্বে উপজেলার চরাঞ্চলসহ সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নের পথে এগিয়ে যায়। কালিহাতীর অবকাঠামো উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত সাদাসিধে, বিনয়ী ও মানবিক। মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়ানো ছিল তার স্বভাবজাত গুণ।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী, শুভাকাঙ্ক্ষী ও ভক্ত রেখে গেছেন।
বিশেষভাবে উল্লেখ্য তিনি সল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, তার সহধর্মিনীও সল্লা ইউপি সাবেক চেয়ারম্যান, তার ছেলে শামীম প্রামানিকও সল্লা ইউপি সাবেক চেয়ারম্যান। তার মৃত্যুতে কালিহাতী উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
জাতীয় সাংবাদিক সংস্থা, কালিহাতী উপজেলা ইউনিটের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন। আমিন।