আমাদের মেয়েদের পাসের হার এবং মেধার সাফল্য ছেলেদের চেয়েও এগিয়ে: সাখাওয়াত

দৈনিক তালাশ ডটকামঃ স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে আলী আহাম্মদ চুনকা পাঠাগারে নাসিক সাবেক প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভার সার্বিক তত্বাবধানে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান।

প্রধান অতিথির বক্তব্যে সাখাওয়াত হোসেন খান বলেন, আমি চাই নারায়ণগঞ্জের তরুণ-তরুণীরা বাংলাদেশ সিভিল সার্ভিসসহ (বিসিএস) দেশের বিভিন্ন বড় বড় ক্ষেত্রে নেতৃত্ব দিক।

কিন্তু আজকের বাস্তবতা হলো আমাদের মেয়েদের পাসের হার এবং মেধার সাফল্য ছেলেদের চেয়েও এগিয়ে। তারা জিপিএ-৫ বেশি পাচ্ছে, ভালো ফলাফল করছে। আন্তর্জাতিক বিভিন্ন গবেষণাতে উঠে এসেছে কাজের ক্ষেত্রে নারীরা পুরুষদের চেয়ে কোনো অংশে পিছিয়ে নেই, বরং অনেক ক্ষেত্রে এগিয়ে।

সংসারের দায়িত্ব সামলে, পরিবার গুছিয়ে রেখে তারা তাদের কর্মক্ষেত্র সফলতার সাথে পরিচালনা করছে। অতএব, নারীদের পিছিয়ে থাকার আর কোনো সুযোগ নেই। নারীদের সময় এসেছে দেশকে নেতৃত্ব দেওয়ার। পৃথিবীর বিভিন্ন দেশে নারীরা আজ সফলভাবে নেতৃত্ব দিচ্ছে।

আমাদের দেশেও অতীতে বেগম খালেদা জিয়ার মতো নেত্রী দেশের হাল ধরেছেন এবং দেশকে সুন্দরভাবে গড়ে তুলেছেন। আজকের এই কৃতি শিক্ষার্থীরাই একদিন জাতীয় সংসদ সদস্য হবে, মন্ত্রী হবে, মেয়র হবে, সচিব হবে কিংবা দেশের প্রথম সারির নাগরিক হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে।

তোমরাই একদিন এই দেশের বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কিংবা উচ্চপদস্থ কর্মকর্তা হবে। এই অর্জনের জন্য উচ্চমাধ্যমিক পর্যন্ত আপনাদের কঠিন পরিশ্রম করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যেসকল কৃতি শিক্ষার্থী জিপিএ-৫ এবং গোল্ডেন জিপিএ পেয়েছ, তাদেরকে সম্মানিত করা হচ্ছে।

এটা আসলে তাদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি। যে মেধার স্বাক্ষর তোমরা রেখেছ, তারই স্বীকৃতিস্বরূপ এই সংবর্ধনা। এখানে উপস্থিত সকল শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জানাই আন্তরিক অভিনন্দন।

তিনি বলেন, শিক্ষার প্রাথমিক পাঠ কিন্তু পরিবার থেকেই শুরু হয়। পরিবার যেভাবে সন্তানকে গড়ে তোলে, সেভাবেই সে স্কুল জীবনে তার শিক্ষা জীবনকে এগিয়ে নিয়ে যায়। আর দ্বিতীয় পর্যায়ে আমাদের শিক্ষকেরা সেই শিক্ষাকে পূর্ণতা দান করেন।

আপনারা যারা আজ এসএসসি পাস করেছেন, এটি আপনাদের জীবন গড়ে তোলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। যেভাবে আপনারা জিপিএ-৫ পেয়েছেন, এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ভবিষ্যতে ঢাকা মেডিকেল, বুয়েট কিংবা দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার সুযোগ পাবেন। আপনার মেধাই আপনাকে বহুদূর টেনে নিয়ে যাবে।

অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, এড. সরকার হুমায়ুন কবীর, আনোয়ার হোসেন, মর্গান গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা নুসরাত রেবেকা, ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাব্বীর আহমেদ শহীদ, যুবদল নেতা শিকদার বাপ্পী চিশতি ও মাসুদ রানা সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *