কালিহাতীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি আলোচনা সভা

দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:রপ্তানিমুখী প্রাণীসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, কালিহাতীর যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সায়েম আল সালাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালেতি থানার অফিসার্স ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিরাপদ প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, বেকারত্ব দূরীকরণ এবং উদ্যোক্তা তৈরিতে এ খাতের সম্ভাবনা অপরিসীম। আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, খামারিদের প্রশিক্ষণ এবং প্রাণিসম্পদের যথাযথ পরিচর্যার মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করতে হবে। তিনি খামারিদের সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করে মানসম্মত ও নিরাপদ উৎপাদন বৃদ্ধির আহ্বান জানান।
সদস্য সচিব ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সায়েম আল সালাউদ্দিন তাঁর বক্তব্যে বলেন, প্রাণিসম্পদ সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য হচ্ছে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, রোগ প্রতিরোধ ও নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন সম্পর্কে খামারি ও সাধারণ মানুষকে সচেতন করা। প্রাণিসম্পদ অধিদপ্তরের সেবা ও পরামর্শ গ্রহণ করে পরিকল্পিতভাবে খামার পরিচালনা করলে খামারিরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন। এ ক্ষেত্রে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর খামারিদের পাশে থেকে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও সহযোগিতা প্রদান করবে।
অনুষ্ঠানে কালিহাতী উপজেলার বিভিন্ন এলাকার প্রাণিসম্পদ উদ্যোক্তা, খামারি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, খামারিদের সমস্যা ও সমাধান, আধুনিক খামার ব্যবস্থাপনা এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *