শ্যামা পূজা উপলক্ষে নগরীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

দৈনিক তালাশ ডটকমঃস্টাফ রিপোর্টার: শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ই নভেম্বর) বিকেলে আমলাপাড়া কে. সি. নাগ রোড এলাকায় আমলাপাড়া শ্যামা পূজা কমিটির উদ্যোগে আয়োজিত এ চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তারেক আল মেহেদী বলেন, বর্তমান সময়ে সিভিল সোসাইটি বা বিত্তবানদের এ ধরনের প্রোগ্রাম করা অত্যন্ত জরুরি। বর্তমান যুগে শিশুরা সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকে, যা মায়েরা ভালোভাবেই জানেন। খাওয়ার সময়, ঘুমানোর সময় তাদের মোবাইল লাগে। কিন্তু যখন তারা চিত্রাঙ্কনে মনোনিবেশ করবে, কবিতা আবৃত্তি করবে বা ডিবেট করবে, তখন তারা মোবাইল থেকে দূরে সরে যাবে।

মোবাইলের মাধ্যমে নানা ক্রাইম ঘটে থাকে। বিশেষ করে মেয়েরা অনেক সময় বিভিন্ন উসকানি বা প্রেমের ফাঁদে পড়ে পথভ্রষ্ট হয়ে যায়। তাই এই ধরনের প্রতিযোগিতাসমূহে অংশগ্রহণ করলে ছেলেমেয়েরা খারাপ পথ ও মোবাইল আসক্তি থেকে দূরে থাকবে এবং পড়াশোনা, রান্না, খেলাধুলা ও শিল্পচর্চায় মনোনিবেশ করতে পারবে।

অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে এসময় প্রবীর কুমার সাহা বলেন, আজ আর্ট কম্পিটিশনে যে সমস্ত শিশু-কিশোররা, বিশেষ করে আমাদের বাচ্চারা যে অংশগ্রহণ করেছে, প্রত্যেকেই খুব সুন্দরভাবে মানে চিত্রাঙ্কন বা আর্ট করেছে, যেটা সত্যি দেখার মতো। এখান থেকে বাছাই করে যে নয় জনকে মনোনীত করা হয়েছে, এইটা ছিল খুবই কষ্টসাধ্য ব্যাপার।

আমরা আশা করি, যেই নয়জন আজ পুরস্কৃত হয়েছেন, ভবিষ্যতে তাদের অনুসরণে যেন আমরা আরও বেশি বেশি অংশগ্রহণকারী পাই এবং সেখানেও উনারা ভালোভাবে আর্ট করে এই ক্রেস্ট এবং সম্মানিত হন। তিনি এ সময় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের টিমকে নিয়ে ড্রিম হলিডে পার্কে ঘুরতে নেয়ার ঘোষণা করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা ও বিশিষ্ট শিল্পপতি প্রবীর কুমার সাহা, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, আমলাপাড়া শ্যামা পূজা কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন ও সদর মডেল থানার অফিসার ইনচার্জ সাজেদুর রহমান সহ আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *