দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: কিশোরীদের স্বাস্থ্যবিধি, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও নিরাপদ স্যানিটেশন সম্পর্কে সচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জ সদর উপজেলায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে উপজেলার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ই অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা: আজকের যত্ন, আগামীর সুস্থতা’ শীর্ষক এ কর্মশালার আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করা হয় করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।
কর্মশালায় কিশোরীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য, মাসিককালীন পরিচ্ছন্নতা, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, নিরাপদ স্যানিটেশন এবং স্বাস্থ্যকর জীবনযাপনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেলিনা এ চৌধুরী। Climate Resilient Campus Initiative-এর আওতায় আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার ৩৩টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৬৫ জন শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন। কর্মশালা শেষে ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন তুলে দেওয়া হয়। এসব মেশিনের মাধ্যমে শিক্ষার্থীরা প্রয়োজনের সময়ে সহজে স্যানিটারি প্যাড সংগ্রহ করতে পারবে বলে আয়োজকরা জানান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অধ্যক্ষ সেলিনা এ চৌধুরী, চাইল্ড রাইটস অফিসার পিভিএইচপি প্রকল্প নাসরিন আক্তার, সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রাক্তন প্রধান শিক্ষক মাসুদা আক্তার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইশরাত জাহান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর সহকারী নেটওয়াক ইঞ্জিনিয়ার আল-আমিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, কিশোরীদের সুস্থতা দেশের ভবিষ্যৎ প্রজন্মের সুস্থতার সঙ্গে সরাসরি সম্পর্কিত। নিরাপদ স্যানিটেশন ঘিরে সামাজিক সংকোচ ও কুসংস্কার দূর করার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, কিশোরীদের যেন বিদ্যালয়ে অনুপস্থিত না থাকে বা অস্বস্তিতে না পড়ে, সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও স্যানিটারি প্যাডের সহজলভ্যতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক আরও বলেন, একজন কিশোরী সুস্থ থাকলে তার পড়াশোনা, আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ জীবনও ইতিবাচকভাবে এগিয়ে যায়। স্বাস্থ্যগত কারণে কোনো শিক্ষার্থী যাতে শিক্ষা থেকে ঝরে না পড়ে, সে জন্য Climate Resilient Campus Initiative-এর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব ক্যাম্পাসে রূপান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সভাপতির বক্তব্যে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, কিশোরীদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সঠিক ধারণা তৈরি করা এখন সময়ের দাবি। বিশেষ করে প্রয়োজনীয় সময়ে স্যানিটেশন সুবিধার অভাবে অনেক শিক্ষার্থী শিক্ষা কার্যক্রমে সমস্যার মুখোমুখি হয়।
তিনি বলেন, কর্মশালায় অংশ নেওয়া ৩৩টি প্রতিষ্ঠানের ১৬৫ জন শিক্ষার্থী ও শিক্ষক নিজ নিজ প্রতিষ্ঠানে গিয়ে অন্য শিক্ষার্থীদের মধ্যেও স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দেবেন। পর্যায়ক্রমে সদর উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয়ে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা শুধু ব্যক্তিগত বিষয় নয়; এর সঙ্গে তাদের শিক্ষা, আত্মবিশ্বাস, ভবিষ্যৎ কর্মজীবন ও সামগ্রিক সামাজিক উন্নয়ন জড়িত। তাই বিদ্যালয় পর্যায় থেকেই স্বাস্থ্য সচেতনতা তৈরির পাশাপাশি নিরাপদ পানি, স্যানিটেশন ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি।