দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: নবযোগদানকৃত টাঙ্গাইলের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ-এর সঙ্গে জেলা পর্যায়ের সাংবাদিকদের এক প্রাণবন্ত, সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, টাঙ্গাইলের সার্বিক উন্নয়ন, জনসেবা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের কল্যাণে জেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে। জেলার সমস্যা ও সম্ভাবনাগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় সমন্বিতভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। জেলার উন্নয়ন, অনিয়ম-দুর্নীতি, জনদুর্ভোগ ও সম্ভাবনার বিষয়গুলো সাংবাদিকরা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরলে প্রশাসনের কাজ আরও গতিশীল ও জনমুখী হবে। প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
এ সময় সাংবাদিকদের উদ্দেশে জেলা প্রশাসক আরও বলেন, সত্য, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবাদ পরিবেশন করা জরুরি। একই সঙ্গে কোনো বিষয়ে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য ও তথ্য যাচাই করে নেওয়ার আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মো. সেলিম মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুব হাসান, সিনিয়র তথ্য অফিসার তাহলিমা জান্নাতসহ টাঙ্গাইলের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
সভায় সাংবাদিকরা টাঙ্গাইলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন কর্মকাণ্ড, জনদুর্ভোগ এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। জেলা প্রশাসক মনোযোগসহকারে সাংবাদিকদের বক্তব্য শোনেন এবং এসব বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসককে সাংবাদিকদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে টাঙ্গাইলের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে জেলা প্রশাসন এবং গণমাধ্যমের মধ্যে আরও নিবিড় সহযোগিতা ও সমন্বয়ের প্রত্যাশা ব্যক্ত করা হয়।