টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে হারানো ৭ বছরের মরিয়ম সাংবাদিকের লাইভের ১৫ মিনিটে উদ্ধার

দৈনিক তালাশ ডটকামঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে হারিয়ে যাওয়া সাত বছরের শিশু মরিয়ম সাংবাদিকের ফেসবুক লাইভের মাত্র ১৫ মিনিটের মধ্যে উদ্ধার হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আহত একুশে টেলিভিশনের টাঙ্গাইল জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক কাজী তাজউদ্দিন রিপনকে দেখতে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে যান ডিজিটাল জার্নালিস্ট ফোরামের সাত সদস্যের একটি সাংবাদিক প্রতিনিধি দল। তারা হাসপাতালে পৌঁছানোর পরপরই এক বয়স্ক নারীকে কান্নাকাটি ও বিলাপ করতে দেখা যায়। তিনি জানান, তার নাতনি মরিয়মকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
বিষয়টি জানতে পেরে ডিজিটাল জার্নালিস্ট ফোরামের আহ্বায়ক খোরশেদ আলম, সদস্য সচিব মো. আলমগীর হোসেন, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আতাউর রহমান, মোহাম্মদ সজীব মিয়া, মো. সাইফুল ইসলাম রানা, মো. কামাল হোসেন, মো. রুবেল ও সাংবাদিক সৈয়দ মহসিন হাবীব সবুজ দ্রুত শিশুটির সন্ধানে তৎপর হন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে লাইভ প্রচার করা হয়।
সাংবাদিকদের লাইভটি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে এলে হাসপাতালের পরিচালক তাৎক্ষণিকভাবে নিরাপত্তা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর হাসপাতালের নিরাপত্তাকর্মী ও আনসার সদস্যরা দ্রুত তল্লাশি শুরু করেন।
লাইভ প্রচারের প্রায় ১৫ মিনিটের মধ্যেই হাসপাতালের মেডিসিন বিভাগ থেকে শিশু মরিয়মকে উদ্ধার করা হয়। পরে তাকে পরিবারের সদস্যদের কাছে নিরাপদে ফিরিয়ে দেওয়া হয়।
উদ্ধার হওয়া শিশু মরিয়ম (৭) টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের আমিনুল ইসলামের মেয়ে।
সাংবাদিকদের তাৎক্ষণিক উদ্যোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার এবং হাসপাতাল কর্তৃপক্ষ ও নিরাপত্তাকর্মীদের দ্রুত পদক্ষেপের ফলে অল্প সময়ের মধ্যেই শিশুটিকে উদ্ধার করা সম্ভব হওয়ায় স্বস্তি ফিরে আসে স্বজনদের মাঝে।
এ ঘটনায় উপস্থিত সাংবাদিক ও হাসপাতাল কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগের প্রশংসা করেছেন শিশুটির পরিবারের সদস্যরা।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *