দৈনিক তালাশ ডটকমঃ নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন নারায়ণগঞ্জ বাসীর দীর্ঘদিনের দাবি ছিল এবং এটি বাস্তবায়ন হওয়ায় সম্মানের জায়গায় পৌঁছেছে নারায়ণগঞ্জ।
এটি আমাদের সবার অর্জন। ব্যবসায়ী নেতাদের সহযোগিতায় আমরা একটি পরিকল্পিত ও আধুনিক নারায়ণগঞ্জ গড়ে তুলবো। নারায়ণগঞ্জকে ‘এ’ ক্যাটাগরির জেলায় উন্নীত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে শহরের চেম্বার ভবনে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, রাজউক বড় সংস্থা হলেও নারায়ণগঞ্জের জন্য প্রয়োজনীয় জনবল ছিল না। আলাদা কর্তৃপক্ষ গঠনের ফলে এখন স্থানীয়ভাবে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হবে। শহরের সরকারি জমি উদ্ধার করে খেলার মাঠ তৈরি করা হবে। একইসঙ্গে পরিকল্পনাহীন ভবন নির্মাণ বন্ধ করে সুশৃঙ্খল নগর গড়ে তোলা হবে।
তিনি অভিযোগ করেন, অনেক হাউজিং প্রকল্প অনুমোদনের শর্ত মানছে না এবং কৃষিজমি দখল করছে, যা নতুন কর্তৃপক্ষের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে।
যানজট নিরসনে উদ্যোগের কথা তুলে ধরে দিপু বলেন, চাষাঢ়া মোড়ের যানজট কমাতে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে আলোচনা চলছে এবং লিংক রোডে ফুটওভার ব্রিজ নির্মাণের বিষয়ে সড়ক বিভাগের সঙ্গে কথা হয়েছে।
নতুন উদ্যোক্তাদের ঋণ সহায়তা দিতে সরকারের সঙ্গে আলোচনা চলছে এবং ব্যবসার পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, চেম্বারের সিনিয়র সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, সহসভাপতি আবু জাফর, পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, আহমেদুর রহমান তনুসহ প্রমূখ।