দৈনিক তালাশ ডটকমঃ গত ০৯ মার্চ সকাল ০৬.১০ ঘটিকায় নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই (নিরস্ত্র) এসএম লুৎফর রহমান ডিউটিরত থাকা অবস্থায় নারায়ণগঞ্জ নগর ভবনের সামনে থেকে মোটরসাইকেল যোগে ০৩ জন দুষ্কৃতিকারী চাপাতিসহ দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন ও আঘাত করে তার সরকারি ইস্যুকৃত ১টি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি ছিনতাই করে নিয়ে যায় ।
এ সংক্রান্তে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই (নিরস্ত্র) এসএম লুৎফর রহমান এর এজাহারের প্রেক্ষিতে অজ্ঞাতনামা ০৩ জন আসামির বিরুদ্ধে একটি দস্যুতা মামলা রুজু করা হয়। ঘটনার পরপরই নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব তারেক আল মেহেদী এর নেতৃত্বে অতিঃ পুলিশ সুপার (ক সার্কেল) মোঃ হাছিনুজ্জামান সহ সদর মডেল থানা ও ফতুল্লা মডেল থানা পুলিশ এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব মোঃ ইব্রাহিম হোসেন এর নেতৃত্বে গোয়েন্দা শাখার একাধিক টিম যৌথভাবে সিসিটিভি ফুটেজ সংগ্রহ পূর্বক পর্যালোচনা করে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মোঃ মিশাল @ বিশাল (৩০), পিং- মৃত মিজানুর রহমান, সাং- দেওভোগ পানির ট্যাংক, থানা+জেলা- নারায়ণগঞ্জ’কে বন্দর থানাধীন সোনাকান্দা ব্যাপারিপাড়া থেকে গ্রেফতার করা হয় এবং ছিনতাই কাজে ব্যবহৃত ১ টি চাপাতি, ১ টি ছোঁড়া এবং ১ টি বড় চাকু উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ মিশাল @ বিশাল এর দেওয়া তথ্য মতে সে সহ পলাতক আসামি ২। জিয়াম @ রাফি (৩৪), পিতা- জামিল, মাতা- রাশিদা বেগম, দেওভোগ পানির ট্যাংক থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ; ৩। ডাকু জুয়েল (২৬), পিতা- অজ্ঞাত, ঠিকানা-অজ্ঞাত, ৪। আরহাম (৩২), পিতা-অজ্ঞাত ঠিকানা-অজ্ঞাত’দের বিরুদ্ধে The Arms Act, 1878 আইনে সদর মডেল থানায় অস্ত্র মামলা রুজু করা হয়েছে। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত মিশালের নামে ০১ টি ধর্ষণ মামলা রয়েছে।
অতঃপর গ্রেফতারকৃত মোঃ মিশাল @ বিশাল কে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে, বন্দর থানাধীন রেলী আবাসিক এলাকায় ছিনতাইকৃত অস্ত্র ও গুলি রেখে দিয়েছে।
অতঃপর গ্রেফতারকৃত আসামি মোঃ মিশালের দেখানো মতে বন্দর থানা পুলিশের সহযোগিতায় বন্দর থানাধীন ২২ নং ওয়ার্ডের উইলসন রোড রেলী আবাসিক এলাকার জনৈক মোঃ শরিফ উদ্দিনের ৫১১ নম্বর নতুন (পুরাতন ৬৪৫) বাড়ির সামনে পরিত্যক্ত সিমেন্টের বস্তার ভিতর হতে ০৯ মার্চ দিবাগত রাত ০৩:১৫ ঘটিকায় একটি লাল কাপড়ের শপিং ব্যাগে রঙ্গিন কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় ছিনতাইকৃত ১টি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অন্যান্য আসামিদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।