কালিহাতীতে ৪০ প্রহর শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ অনুষ্ঠিত

দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলাধীন সিলিমপুর পাগল রামগোপাল ব্রহ্মচারী আশ্রমে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পাঁচ দিনব্যাপী ৪০ প্রহর শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) শ্রী শ্রী মহাপ্রভুর ভোগরাগ, কুঞ্জ ভঙ্গ ও মহন্ত বিদায়ের মধ্য দিয়ে এ মহানামযজ্ঞের সমাপ্তি ঘটে। টানা চল্লিশ প্রহরব্যাপী এই আয়োজনে হাজার হাজার ভক্তবৃন্দের উপস্থিতিতে আশ্রম প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে হরিনামের সুরে।
এ মহান ধর্মীয় আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মোঃ খাইরুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা ও গবিন্দ চন্দ্র সাহা। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও মর্যাদাপূর্ণ করে তোলে।
অনুষ্ঠান বাস্তবায়নে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন আয়োজক কমিটির সভাপতি শ্রী পরেশ চন্দ্র ধর, সিনিয়র সহ-সভাপতি শ্রী হরে কৃষ্ণ পদ, সাধারণ সম্পাদক শ্রী কার্তিক সরকার (দয়াল), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী প্রভাত চন্দ্র দত্ত এবং কোষাধ্যক্ষ শ্রী গোপাল সেন।
সার্বিক তত্ত্বাবধানে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করেন অনুষ্ঠান পরিচালনা কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা কালিহাতী ইউনিটের সাধারণ সম্পাদক সাংবাদিক শ্রী বিপ্লব সরকার।
আয়োজকরা বলেন, কলিযুগে মানুষ ধর্মের অমৃতবাণী ভুলে গিয়ে অর্থবিত্ত ও লোভের মোহে আবদ্ধ হয়ে সত্য ও সুন্দরের পথ হারিয়ে ফেলছে। এই অন্ধকার থেকে মুক্তি ও আত্মশুদ্ধির লক্ষ্যে প্রেমময় শ্রী চৈতন্য মহাপ্রভুর আদর্শে অনুপ্রাণিত হয়ে এ ৪০ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম মহানামযজ্ঞের আয়োজন করা হয়।
ধর্মীয় এই আয়োজন ভক্তদের মাঝে আধ্যাত্মিক চেতনা জাগ্রত করার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উপস্থিত ভক্তবৃন্দ মত প্রকাশ করেন।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *