দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: আমার স্বামী স্থানীয় নির্বাচন থেকে সরে আসলেই সমস্ত হামলা-মামলা ও হুমকি শেষ হবে’এমন অভিযোগ করেছেন টাঙ্গাইল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও প্রবাসীর স্ত্রী নাহার বেগম।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় টাঙ্গাইল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে নাহার বেগম বলেন, টাঙ্গাইল পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড কাজীপুরের সাবেক কাউন্সিলর আব্দুল মালেক তার স্বামীর বড় ভাই। তিনি তার ভাসুর। আব্দুল মালেক প্রথমবার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন করার সময় তার স্বামী মো: জাহিদ সরকার আর্থিকভাবে সহযোগিতা করেছিলেন এবং নির্বাচনে বিজয়ী হন। দ্বিতীয়বার নির্বাচনেও তার স্বামী বড় ধরনের আর্থিক সহায়তা দিয়ে তাকে বিজয়ী হতে সহযোগিতা করেন।
নাহার বেগমের অভিযোগ, বর্তমানে তার স্বামী মো: জাহিদ সরকার টাঙ্গাইল পৌর ১০ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে
স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই আব্দুল মালেক পর্দার আড়ালে থেকে বিভিন্ন ব্যক্তিকে কুপরামর্শ দিয়ে তার স্বামীর সামাজিক ও রাজনৈতিক ক্ষতি করার চেষ্টা করছেন। এমনকি নিজের ছোট ভাইকেও তিনি ছাড় দিচ্ছেন না বলে অভিযোগ করেন নাহার।
তিনি বলেন, ‘এতদিন বিভিন্ন মানুষ আমাদের বলতেন, তোমার ভাসুর তোমাদের পেছনে লেগেছে। আমরা বিষয়টি বিশ্বাস করতাম না। কিন্তু এখন আমরা দেখছি, বিভিন্ন ঘটনার কলকাঠি কাউন্সিলর আব্দুল মালেক সরকার নাড়ছেন।’
সংবাদ সম্মেলনে নাহার বেগম টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং টাঙ্গাইলের পুলিশ সুপারের প্রতি বিষয়টি সুষ্ঠু তদন্তের আহ্বান জানান।
তিনি বলেন, একজন রেমিট্যান্স যোদ্ধা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চান, আর তাকে মিথ্যা মামলা, হামলা ও হুমকি দিয়ে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করা হয়, তাহলে ভালো মানুষরা কীভাবে রাজনীতিতে আসবেন?
নাহার বেগম আরও বলেন, ‘আমার স্বামী একজন প্রবাসী। তিনি দেশে এসে মানুষের জন্য কাজ করতে চান এবং স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু নানা ধরনের মামলা, হামলা, হুমকি ও বিভিন্ন পোষ্টারে মিথ্যা অপপ্রচারের কারণে আমরা উদ্বিগ্ন।’
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনাদের কলমের অনেক শক্তি। আপনাদের লেখনির মাধ্যমে সত্য ঘটনা মানুষের সামনে তুলে ধরা সম্ভব। আমার স্বামী যাতে তার এলাকায় মানুষের জন্য কাজ করতে পারেন, এজন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।’
সংবাদ সম্মেলনে নাহার বেগম তার অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান।
তবে এসব অভিযোগের বিষয়ে সাবেক কাউন্সিলর আব্দুল মালেকের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে তা সংযোজন করা হবে।