কালিহাতীতে আইয়ান এডুকেশন একাডেমির তৃতীয় সেমিস্টারের ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাগুটিয়ায় আইয়ান এডুকেশন একাডেমির তৃতীয় সেমিস্টারের ফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও অতিথিরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইনতিজার শিশু বৃত্তির প্রতিষ্ঠাতা এবং দৈনিক ইনতিজার-এর সম্পাদক ও প্রকাশক অধ্যাপক এবিএম আব্দুল হাই মিয়া। প্রতিষ্ঠানের পরিচালক আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কালিহাতী উপজেলা কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছোবহান তালুকদার শুভ। অনুষ্ঠান সঞ্চালনা করেন খিলদা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক নাজিম উদ্দিন।

অধ্যাপক এ. হাই বলেন, শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের চর্চা জরুরি। যোগ্য নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

ছোবহান তালুকদার শুভ বলেন, শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা প্রয়োজন। শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি পর্যবেক্ষণের পাশাপাশি প্রতিভা বিকাশেও উৎসাহ দিতে হবে।

সাংবাদিক সৈয়দ মহসীন হাবীব সবুজ বলেন, সন্তানদের সঠিকভাবে গড়ে তুলতে অভিভাবকদের সচেতন ও দায়িত্বশীল হতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ‘মাদককে না বলুন’ স্লোগান ধারণের পাশাপাশি সন্তানদের নৈতিক শিক্ষা দিতে হবে।

সভাপতির বক্তব্যে আবু বকর সিদ্দিকী বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও মেধা বিকাশে প্রতিষ্ঠানটি কাজ করছে। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও সৃজনশীলতার বিকাশেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে তৃতীয় সেমিস্টারে অংশ নেওয়া শিক্ষার্থীদের মেডেল এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের ক্রেস্ট দেওয়া হয়।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ২০২৫ সালে একাডেমির ২৭ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানে ১৫৬ জন শিক্ষার্থী ও ১৩ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন আবুল কালাম।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *