দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত একুশে টেলিভিশনের টাঙ্গাইল জেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক কাজী তাজউদ্দিন রিপনকে দেখতে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সৌজন্য সাক্ষাৎ ও কুশলাদী বিনিময় করেছেন ডিজিটাল জার্নালিস্ট ফোরামের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক কাজী তাজউদ্দিন রিপনের শয্যাপাশে উপস্থিত হয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন সহকর্মী সাংবাদিকরা। এ সময় তারা তাঁর দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করেন।
ডিজিটাল জার্নালিস্ট ফোরামের আহ্বায়ক খোরশেদ আলম, সদস্য সচিব মো. আলমগীর হোসেন, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আতোয়ার রহমান, মো. সাইফুল ইসলাম রানা, মো. কামাল হোসেন, মো. রুবেল, মো. সজিব মিয়া ও সৈয়দ মহসীন হাবীব সবুজ উপস্থিত ছিলেন।
এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সহকর্মীর বিপদে পাশে দাঁড়ানো সাংবাদিক সমাজের মানবিক ও পেশাগত দায়বদ্ধতার অংশ। সংবাদ সংগ্রহ করতে গিয়ে একজন সহকর্মী আহত হলে তাঁর খোঁজ নেওয়া এবং সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া আমাদের পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বহিঃপ্রকাশ।
ইসলামের শিক্ষাতেও অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়াকে অত্যন্ত মর্যাদাপূর্ণ আমল হিসেবে বিবেচনা করা হয়েছে। হাদিসে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার বিশেষ ফজিলতের কথা বর্ণিত হয়েছে। রাসুলুল্লাহ (সা.) অসুস্থ ব্যক্তির খোঁজখবর নেওয়া ও তার জন্য দোয়া করার প্রতি উৎসাহ দিয়েছেন। সেই মানবিক ও নৈতিক শিক্ষার আলোকে সহকর্মীর অসুস্থতার সময় পাশে দাঁড়ানো পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত।
উল্লেখ্য, সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে সাগরদিঘীর দিকে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন সাংবাদিক কাজী তাজউদ্দিন রিপন। পরে তাঁকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
সাংবাদিক কাজী তাজউদ্দিন রিপনের দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্যের জন্য সহকর্মী সাংবাদিকসহ তাঁর পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা সবার কাছে দোয়া কামনা করেছেন।