দৈনিক তালশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, একসময় বিশ্বব্যাপী একটা কথা ছিল যে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কিছু কিছু ক্ষেত্রে সাম্প্রদায়িকতা বিদ্যমান রয়েছে। এই তারেক রহমান সরকারের মূল লক্ষ্য এদেশ থেকে সকল ধরনের সাম্প্রদায়িক আত্মাকে নির্মূল করা।
মঙ্গলবার (৩০শে জুন) বিকেলে দেওভোগ আখড়া মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ণ জিউর আখড়া পরিচালনা পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সাখাওয়াত হোসেন খান বলেন, আমি যে এলাকায় বড় হয়েছি, জন্ম নিয়েছি এইটা একটা হিন্দু সমৃদ্ধ এলাকা ছিলো। সেখানে অনেক হিন্দু ভাইদের মুখে শুনেছি যে, অনেক হিন্দু ভাইদের সম্পত্তি অনেকে দখল করেছে। এই সরকারের পক্ষ থেকে আপনাদেরকে আমরা বলছি, কারো জমি জোরপূর্বক দখল করা যাবে না। আর মন্দিরের কথা বলতে এই মন্দিরকে চেষ্টা করব একটি মডেল মন্দির হিসেবে রূপান্তরিত করার জন্য। জিউস পুকুরকে এমনভাবে সাজাবো যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না।
তিনি আরও বলেন, এই নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি থাকবে না। এই নারায়ণগঞ্জে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা যাবেনা। এই ধরনের আচরণ যারা করবে, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। গত ২৫-৩০ বছরে নারায়ণগঞ্জের যে অবস্থা ছিল, এখনও যদি সেই অবস্থা থাকে তাহলে তাঁদের মধ্যে আর আমার মধ্যে কোনো পার্থক্য রইলো না। সুতরাং আমাদেরকে পার্থক্য সৃষ্টি করতে হবে। এখানে সবার উপরে মানুষ, সবার উপরে মানবধর্ম। আমরা সেই মানবধর্মকে লালন করতে চাই।
শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ণ জিউর আখড়া পরিচালনা পরিষদের সভাপতি বিশিষ্ট শিল্পপতি প্রবীর কুমার সাহার সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, লাঙ্গলবন্দ স্লান উৎসব উদযাপন পরিষদের সভাপতি সরোজ কুমার সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শংকর কুমার, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, কল্যাণ ট্রাস্ট এর সাবেক ট্রাস্টি পরিতোষ কান্তি সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ দাস, শ্রী শ্রী সাধু নাগ মহাশয় আশ্রম এর সাধারণ সম্পাদক তারাপদ আচর্য্য, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল, বলদেব জিউর আখড়া মন্দির এর সভাপতি জয় কে রায় চৌধুরী বাপ্পি ও ১৫ নং ওয়ার্ড বিএনপি নেতা খোকন সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ।