দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: আর মাত্র ১৯ দিন বাকি। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল–৪ (কালিহাতী) আসনের গ্রাম–শহরজুড়ে জমে উঠেছে নির্বাচনী আমেজ। জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী উন্নয়ন ও মানবিকতার বার্তা নিয়ে দিন–রাত ব্যস্ত সময় পার করছেন গণসংযোগে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে তিনি কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের ব্যাপক গণসংযোগ করেন। এ সময় তাঁর সঙ্গে উপজেলা ও ইউনিয়ন জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গণসংযোগকালে ইঞ্জিনিয়ার লিয়াকত আলী সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং ধৈর্যের সঙ্গে তাঁদের সমস্যার কথা শোনেন। ভোটাররা চাঁদাবাজি বন্ধ, মানসম্মত শিক্ষা ও দলীয়করণমুক্ত প্রশাসনের দাবি তুলে ধরেন। তাঁর আন্তরিকতা ও বিনয়ী আচরণে ভোটারদের মাঝে আস্থা তৈরি হয়।
এ সময় তিনি বলেন, নির্বাচিত হলে কালিহাতীতে একটি আধুনিক ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় স্থাপন, শিক্ষার মানোন্নয়ন, টেকসই সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং যমুনা নদীর ভাঙন রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।
তিনি বলেন, “আমি কথা দিতে নয়, কথা রাখতে রাজনীতিতে এসেছি।” এলাকাবাসীর মতে, ইঞ্জিনিয়ার লিয়াকত আলী একজন শিক্ষিত, সৎ ও মানবিক নেতা। তাঁর নেতৃত্বে কালিহাতীর উন্নয়নের আশা দেখছেন সাধারণ মানুষ। এ বিশ্বাস থেকেই ক্রমেই আরও বেশি ভোটার লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করছেন।