দৈনিক তালাশ ডটকামঃ স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহবায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, যদি মাদক নির্মূল করতে চান তাহলে এই এলাকায় যাতে কোনো মাদক ব্যবসায়ী না থাকতে পারে, সেটা নিশ্চিত করতে হবে। মাদকসেবী তো হলো পরের স্টেজ, প্রথম স্টেজ হলো মাদক ব্যবসায়ী। তাদেরকে ধরিয়ে দিতে হবে। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, যে বা যারা মাদক ব্যবসায়ী, তাদের ব্যাপারে গোপনে আমার কাছে তথ্য দিন। আমি পুলিশ পাঠিয়ে, র্যাব পাঠিয়ে—যেভাবে পারি, তাদেরকে গ্রেপ্তার করাবো।
মঙ্গলবার (১৮ই আগষ্ট) বিকেলে নগরীর পাইকপাড়া পানির টাংকি সংলগ্ন বিদ্যালয় প্রাঙ্গণে ‘পাইকপাড়া মুসলিম ইন্সটিটিউট ক্লাব’ এর আয়োজনে মাদক নির্মূল কমিটির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এড. সাখাওয়াত বলেন, আমাকে ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ এই পদের দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব কে দিয়েছে? বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। যিনি এই দেশকে একটি উন্নত রাষ্ট্র, উন্নত জাতি হিসেবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করতে পারেন। এই সরকার, জনগণের সরকার। জনগণের সকল প্রকার সুবিধা-অসুবিধায় পাশে থাকার জন্য তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন। গত ১৭ বছর একটা ফ্যাসিস্টের শাসন ছিল। সেই শাসনে যেই সকল কাজ হয়েছে, সেইভাবে যদি আমরাও করি, তাহলে তো আওয়ামী লীগের সাথে বা ফ্যাসিস্টদের সাথে আমাদের কোনো পার্থক্য থাকবে না।
তিনি আরও বলেন, ২৭টা ওয়ার্ডে আমরা ২৭টা কমিউনিটি সেন্টার তৈরি করব। সেই কমিউনিটি সেন্টারের মধ্যে কী থাকবে? একটা কমিউনিটি সেন্টার থাকবে যাতে করে সবাই স্বল্প ব্যয়ে তাদের সন্তানদের, তাদের আত্মীয়-স্বজনদের বিবাহ, বিভিন্ন অনুষ্ঠান করতে পারে এবং সেই কমিউনিটি সেন্টারের মধ্যে শুধু কমিউনিটি সেন্টার থাকবে না। সেখানে একটা লাইব্রেরি থাকবে, একটা ব্যায়ামাগার থাকবে এবং সমাজের মুরুব্বিরা যাতে করে বসে একটা সিদ্ধান্ত নিতে পারে, সেটার জন্য সেখানে একটা রুম এবং একটা অফিস থাকবে। আপনারা আমার নিকট যেই দাবিগুলো করেছেন, আমি আপনাদের সেই দাবির সাথে একমত। আমি আপনাদের পাশে থেকে এগুলো করে দেবো।
পাইকপাড়া মাদক নির্মূল কমিটির প্রধান উপদেষ্টা ও পাইকপাড়া বড় জামে মসজিদের সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন মৃধার সভাপতিত্বে এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র-১ ও নারায়ণগঞ্জ মহানগর কমিউনিটি পুলিশ এর সিনিয়র সহ-সভাপতি আফসানা আফরোজ বিভা, পাইকপাড়া মাদক নির্মূল কমিটির আহবায়ক জামাল দেওয়ান, ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জিয়াউল হাসান নাঈম, ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আরিফ, গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন, পাইকপাড়া মাদক নির্মূল কমিটির সদস্য কামাল দেওয়ান ও মোহাম্মদ মামুন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।