দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসিন হাবিব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:প্রাণী পুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাভজনক প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় কালিহাতীতে দু’দিনব্যাপী খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) কালিহাতী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের প্রশিক্ষণ কক্ষে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আবু সাইম আল সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন টাঙ্গাইলের উপ-পরিচালক ড: মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ট্রেনিং অফিসার ডা. মোঃ শহিদুল আলম, জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ হেলাল উদ্দিন খান ও কালিহাতী উপজেলা ভেটেনারি সার্জন ডা. সীমান্ত।
প্রশিক্ষণে কালিহাতী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নারী ও পুরুষ খামারিরা অংশগ্রহণ করেন। “গাভীর মুখে দিলে ঘাস, দুধ পাবেন বারো মাস”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উন্নত জাতের ঘাস চাষ, সবুজ ঘাস সংরক্ষণ প্রযুক্তি (সাইলেজ প্রস্তুত প্রণালী) এবং গবাদিপশুর সুষম খাদ্য ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়।
বক্তারা বলেন, দেশীয় প্রজাতির পাশাপাশি উচ্চ ফলনশীল ঘাস যেমন নেপিয়ার ঘাস ও নেপিয়ার পাকচং চাষের মাধ্যমে স্বল্প খরচে অধিক পুষ্টিমানসম্পন্ন খাদ্য নিশ্চিত করা সম্ভব। বিশেষ করে নেপিয়ার পাকচং ঘাসের উচ্চ ফলন, দ্রুত বৃদ্ধি ও পুষ্টিগুণ সম্পর্কে খামারিদের হাতে-কলমে ধারণা দেওয়া হয়।
প্রশিক্ষণে আরও জানানো হয়, উন্নত ঘাস চাষ ও সংরক্ষণ পদ্ধতি অনুসরণ করলে বছরজুড়ে গবাদিপশুর খাদ্য সংকট দূর হবে এবং দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধি পাবে। এতে খামারিরা আর্থিকভাবে লাভবান হবেন এবং প্রাণিসম্পদ খাত হবে আরও সমৃদ্ধ।