দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকারমূলক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জনগণকে অবহিত ও সম্পৃক্ত করার লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়ায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় বাংড়া ৪১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে টাঙ্গাইলের তথ্য অফিসের আয়োজনে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহীন মিয়া। সভাপতিত্ব করেন টাঙ্গাইলের সিনিয়র তথ্য অফিসার তাহলিমা জান্নাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আবু নাসের।
অনুষ্ঠানে বাংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খন্দকার ফাহমিদা রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অসীম কুমার সেন, সাবেক সহ-সভাপতি সৈয়দ জাকারিয়া হাবিব জাকী, সৈয়দ রোবায়াত হাসান সবুজ, সৈয়দ আবুল হাসান, সৈয়দ ইফতেখার সিলভাসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় নারীসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. শাহীন মিয়া বলেন, “নারীরা পরিবার ও সমাজের অন্যতম প্রধান চালিকাশক্তি। একটি শিক্ষিত, সচেতন ও দায়িত্বশীল নারী পরিবারকে যেমন এগিয়ে নিতে পারেন, তেমনি একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাই সরকারের বিভিন্ন অগ্রাধিকারমূলক কর্মসূচি সম্পর্কে নারীদের অবহিত করার পাশাপাশি তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।”
সভাপতির বক্তব্যে সিনিয়র তথ্য অফিসার তাহলিমা জান্নাত বলেন, “সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক উদ্যোগ সম্পর্কে জনগণকে সঠিক তথ্য জানানো এবং এসব কার্যক্রমে তাদের সম্পৃক্ত করাই এ ধরনের সমাবেশের মূল উদ্দেশ্য। বিশেষ করে নারীদের সচেতন ও ক্ষমতায়িত করতে তথ্যের অবাধ প্রবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
বিশেষ অতিথি আবু নাসের বলেন, “শিক্ষিত ও সচেতন অভিভাবকই একটি শিশুর সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারেন। সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো, তাদের পড়াশোনার প্রতি নজর রাখা এবং নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করার ক্ষেত্রে মায়েদের ভূমিকা সবচেয়ে বেশি।”
বক্তারা নারী শিক্ষা, শিশুর শিক্ষা ও স্বাস্থ্য, সামাজিক সচেতনতা, সরকারি সেবার সঠিক ব্যবহার এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডে নারীদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে উপস্থিত নারীরা সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবহিত হওয়ার পাশাপাশি নিজেদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন। পরে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।