দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার বলেন, “আপনার অজান্তেই আপনার কোনো আত্মীয়-স্বজন মাদকের সঙ্গে জড়িয়ে পড়তে পারে। আমরা হয়তো সকলের দায়িত্ব নিতে পারবো না, কিন্তু কাশিপুর থেকে মাদকমুক্ত, ছিনতাইমুক্ত ও কিশোর গ্যাংমুক্ত একটি সমাজব্যবস্থা গড়ে তুলতে পারবো, ইনশাআল্লাহ। কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে থাকতে দেওয়া যাবে না। অপরাধ যেখানে, আমরা প্রতিরোধ গড়বো সেখানে।”
শুক্রবার (২১শে আগষ্ট) বিকেলে কাশিপুর ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন মাঠে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত কাশিপুর গড়ার প্রত্যয় নিয়ে নারায়ণগঞ্জ সদর পশ্চিম সাংগঠনিক থানা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আবদুল জব্বার বলেন, “মুসলমান কিংবা অন্য ধর্মের মানুষ—সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে দাঁড়াতে হবে। কিশোর গ্যাংয়ের মাধ্যমে অনেক কিশোরকে কিছু টাকার বিনিময়ে বিপথে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের ইসলামের পথে ফিরিয়ে আনতে হবে। প্রশাসনের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা না পাওয়া গেলে জনগণকে সঙ্গে নিয়ে আমাদের বিশেষ ফোর্স গঠন করে ২০২৪ সালের মতো আন্দোলনে নামতে হবে।”
বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত কাশিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এড. আক্তার হোসেন বলেন, “গডফাদারদের কারণে কাশিপুর মাদকে সয়লাব হয়ে যাচ্ছে। এই গডফাদারদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আপনারা ২০২৪ সাল থেকে শিক্ষা গ্রহণ করুন। নতুবা আপনাদের পালিয়ে যেতে দেয়ার সময়ও দেয়া হবেনা। আমরা জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি সুন্দর ও নিরাপদ কাশিপুর উপহার দিতে চাই।” তিনি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।”
নারায়ণগঞ্জ সদর পশ্চিম সাংগঠনিক থানার আমীর এবং কাশিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এড. আক্তার হোসেনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মো. জাকির হোসাইন ও নারায়ণগঞ্জ সদর পশ্চিম জামায়াতে ইসলামী সাংগঠনিক থানা সেক্রেটারি মো. সাইদুর রহমান সহ বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ।
এসময় জনসভায় জামায়াতে ইসলামী সমর্থিত কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এড. আক্তার হোসেন সহ ৯টি ওয়ার্ডের বিভিন্ন প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। তারা হলে ওলিউল্লাহ, জাকির হোসেন, মো. শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, মো. শামসুদ্দিন আলম, গোলাম রাব্বি বিশ্বাস, শহিদ হোসেন ভূঁইয়া ও মো. আল-আমীন।