দৈনিক তালাশ ডটকমঃস্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, ছাত্রজীবন থেকে জনগণের কল্যাণে আমি কাজ করে আসছি। নেতাকর্মীদের নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি। সেই সুবাদে এই এলাকার জনগণ আমার সাথে আছে। আল্লাহ ও জনগণের উপর আমি আস্থা রাখি এবং এই নির্বাচনে আমি আপনাদের দোয়ায় অবশ্যই সফলতা আনবো।
শুক্রবার (২৩শে জানুয়ারি) বিকেলে কাশিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভায় তিনি এসব কথা বলেন।
গিয়াস উদ্দিন বলেন, আমি আগে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম। এবারে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাসে সিদ্ধিরগঞ্জ থানাকে সোনারগাঁয়ের সঙ্গে যুক্ত করা হয়েছে। চারটি আসনের নেতাকর্মীরা চেয়েছেন আমি চার আসন থেকেই নির্বাচন করি। বিশেষ করে সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয়ের অসংখ্য নেতাকর্মীর সঙ্গে আমার দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের সম্পর্ক রয়েছে। তাদের দাবীর প্রতি সম্মান রেখেই আমি দুইটি আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছি। আমার দৃঢ় বিশ্বাস, জনগণ ও নেতাকর্মীরা আমার প্রতি আস্থাশীল ও সহানুভূতিশীল। ইনশাআল্লাহ আমরা বিজয় অর্জন করতে সক্ষম হবো।
গিয়াস উদ্দিন আরও বলেন, ছাত্রজীবন থেকে দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামে দলের নেতাকর্মীরা আমার পাশে ছিলেন। বহু নির্যাতন ও অত্যাচারের মধ্যেও তারা আমাকে ছেড়ে যায়নি। এখনও বিএনপির অধিকাংশ নেতাকর্মী আমাকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে এবং আমার সঙ্গে কাজ করছে। যদিও দুইটি আসনে নির্বাচন করা কষ্টসাধ্য, তবে জনগণই আমার শক্তি। জনগণের প্রতি আস্থা ও বিশ্বাস রেখে আমি আশা করি, বিপুল ভোটে জয়লাভ করবো।
এসময় কাশিপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ডের হাটখোলা থেকে শুরু করে খিল মার্কেট, বাংলাবাজার, আমবাগান, গাঙ্গুলিবাড়ী, দেওভোগ মাদ্রাসা ও পূর্ব নগর হয়ে প্রচারণাটি শেষ করেন।
ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন’র সার্বিক পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, সহ-সভাপতি কবির প্রধান, কাশীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মইনুল হোসেন রতন, কতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন, বিএনপি নেতা মোঃ রাজন ও সদর থানা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সহ সাধারণ সম্পাদক সামসুল হক তমাল সহ অসংখ্য নেতৃবৃন্দ।